প্রকাশিত: ৩০ জুলাই ২০২৬ , ০৯:০২ এ এম
অনলাইন সংস্করণ
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর তিন দিনের সরকারি সফরে বৃহস্পতিবার ঢাকায় পৌঁছাবেন। বাংলাদেশের নতুন সরকারের পররাষ্ট্র নীতির অগ্রাধিকার, আঞ্চলিক কূটনৈতিক অবস্থান এবং দ্বিপক্ষীয় সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা এই সফরের অন্যতম প্রধান উদ্দেশ্য বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে।
সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার দুপুরে ঢাকায় পৌঁছানোর পর তিনি সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। এসব আলোচনায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ দিকনির্দেশনা, অর্থনৈতিক সহযোগিতা এবং আঞ্চলিক বিভিন্ন ইস্যু গুরুত্ব পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার তিনি কক্সবাজারে গিয়ে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন। সেখানে মানবিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক সহায়তার প্রয়োজনীয়তা নিয়ে সরেজমিনে তথ্য সংগ্রহ করবেন মার্কিন বিশেষ দূত।
কূটনৈতিক মহলের মতে, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে কী ধরনের অগ্রাধিকার নির্ধারণ করা হয়েছে, তা জানতে ওয়াশিংটনের বিশেষ আগ্রহ রয়েছে। একই সঙ্গে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের ভূমিকা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার নতুন ক্ষেত্রগুলো নিয়েও আলোচনা হতে পারে।
সম্প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওবায়েদ ইসলাম বলেছেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক ঐতিহাসিকভাবেই ইতিবাচক এবং বর্তমান সরকারের সময় তা আরও জোরদার হচ্ছে।
কূটনৈতিক সূত্রগুলোর ভাষ্য, সার্জিও গরের এই সফর দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ককে আরও গতিশীল করতে সহায়ক হতে পারে। বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, মানবিক সহায়তা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বিষয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে উভয় পক্ষ আশাবাদী।
চলতি বছরের জানুয়ারিতে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সার্জিও গর। একই সঙ্গে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত হিসেবে তিনি বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কাসহ এ অঞ্চলের বিভিন্ন দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক যোগাযোগ সমন্বয়ের দায়িত্ব পালন করছেন। ঢাকা সফরের আগে তিনি নেপাল ও শ্রীলঙ্কা সফর করেছেন।