ঢাকা অফিস

প্রকাশিত: ০৩ আগষ্ট ২০২৬ , ০৯:৩৫ এ এম

অনলাইন সংস্করণ

ঢাকার সঙ্গে কৌশলগত অংশীদারত্ব জোরদারে তিস্তা ও করিডর প্রকল্পে আশাবাদী বেইজিং

বাংলাদেশের সঙ্গে কৌশলগত সহযোগিতা আরও গভীর করতে তিস্তা মহাপরিকল্পনা, চীন-মিয়ানমার-বাংলাদেশ (সিএমবিসি) অর্থনৈতিক করিডর এবং অন্যান্য যৌথ উন্নয়ন উদ্যোগ দ্রুত বাস্তবায়নের আশা প্রকাশ করেছে চীন।

সোমবার (৩ আগস্ট) ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘কম্পারেটিভ গভর্নেন্স ফোরাম-২০২৬’-এ বক্তব্য দিতে গিয়ে এ প্রত্যাশার কথা জানান বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

রাষ্ট্রদূত বলেন, জুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেছে। ওই সফরে উভয় দেশ কৌশলগত অংশীদারত্ব আরও সম্প্রসারণ এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প এগিয়ে নেওয়ার বিষয়ে সম্মত হয়েছে।

ইয়াও ওয়েনের মতে, তিস্তা মহাপরিকল্পনা, চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডর এবং অন্যান্য যৌথ উদ্যোগ বাস্তবায়িত হলে শুধু দ্বিপক্ষীয় সহযোগিতাই নয়, আঞ্চলিক সংযোগ, বাণিজ্য ও অর্থনৈতিক প্রবৃদ্ধিও নতুন গতি পাবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বক্তব্য দেন। স্বাগত বক্তব্যে বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান বাংলাদেশে সুশাসন, আঞ্চলিক সহযোগিতা ও কৌশলগত অংশীদারত্বের গুরুত্ব তুলে ধরেন।