এখন সময় রিপোর্ট

প্রকাশিত: ০৯ আগষ্ট ২০২৬ , ০৬:২৬ পিএম

অনলাইন সংস্করণ

জুলাই জাদুঘরের ভাস্কর্যে মুখ না রাখার প্রস্তাব মামুনুল হকের

জুলাই অভ্যুত্থান জাদুঘরে শাপলা চত্বরের শহীদদের স্মৃতি তুলে ধরতে ভাস্কর্যের মুখাবয়ব বাদ দেওয়ার প্রস্তাব দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।

জুলাই অভ্যুত্থান জাদুঘর পরিদর্শন শেষে ভাস্কর্য নিয়ে নিজের মতামত তুলে ধরেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। রোববার (৯ আগস্ট) জাদুঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, স্মৃতি ও ঘটনাগুলো ভাস্কর্যের মাধ্যমে তুলে ধরা হলেও এতে মানুষের মুখাবয়ব না রাখার বিষয়টি বিবেচনা করা যেতে পারে।

মামুনুল হক বলেন, স্বৈরাচারী সরকারের সময়ে দেশে ভাস্কর্যবিরোধী আন্দোলন হয়েছিল। তার ভাষ্য অনুযায়ী, মুসলিম সংস্কৃতি ও মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক ব্যক্তির ভাস্কর্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে স্থাপনের বিরোধিতা করেছিল তাদের সংগঠন।

তিনি শাপলা চত্বরের শহীদদের স্মৃতি তুলে ধরার ক্ষেত্রে ভাস্কর্য থেকে মুখাবয়ব বাদ দেওয়ার প্রস্তাব দেন।

জাদুঘরের ইতিহাস সংরক্ষণ নিয়েও প্রশ্ন

জুলাই জাদুঘরে ২০২১ সালের মোদিবিরোধী আন্দোলনের স্মৃতি যথাযথভাবে সংরক্ষণ করা হয়নি বলেও অভিযোগ করেন মামুনুল হক।

তিনি বলেন, শেখ হাসিনা সরকারের সময়ে হওয়া গুরুত্বপূর্ণ আন্দোলনগুলোর মধ্যে ২০২১ সালের মোদিবিরোধী আন্দোলন অন্যতম। ওই আন্দোলনে নিহত ও আহতদের স্মৃতিও দেশের সাম্প্রতিক ইতিহাসের অংশ হিসেবে সংরক্ষণ করা প্রয়োজন।

এ ছাড়া সীমান্তে ফেলানী খাতুন হত্যাকাণ্ড, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাসভবন বালুভর্তি ট্রাক দিয়ে অবরোধ এবং জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ড ঘোষণার পর সংঘটিত হত্যাকাণ্ডের স্মৃতিও জাদুঘরে স্থান না পাওয়ায় সমালোচনা করেন তিনি।

মামুনুল হকের মতে, এসব ঘটনাও বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে এগুলোর স্মৃতি সংরক্ষণ করা প্রয়োজন।