প্রকাশিত: ১৭ জুলাই ২০২৬ , ১০:০২ এ এম
অনলাইন সংস্করণ
জাতীয় গণতান্ত্রিক লীগ (এনডিএল) চীন ও পাকিস্তানের প্রভাব মোকাবিলায় বিশ্বের গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্রগুলোর মধ্যে বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছে। সংগঠনটির নেতারা বলেছেন, মানবিক মূল্যবোধ ও গণতন্ত্রের ভিত্তিতে গড়ে ওঠা একটি আন্তর্জাতিক জোট বিশ্বজুড়ে দারিদ্র্য, মাদকাসক্তি ও মানবিক সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
গত বৃহস্পতিবার রাজধানীর তোপখানা রোডের শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ আহ্বান জানানো হয়।
সভায় বক্তারা বলেন, যুক্তরাষ্ট্র, ভারত, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও কানাডাসহ বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোর সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটি আধুনিক ও মানবিক বিশ্ব গড়ে তোলা সম্ভব। তাঁদের মতে, এই ঐক্য বিশ্বব্যাপী অসহায় মানুষের কল্যাণে কাজ করবে এবং দারিদ্র্য ও মাদকের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখতে পারে।
জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক, সাবেক সচিব সিরাজ উদ্দীন আহমেদ, মোয়াজ্জেম হোসেন খান মজলিশ, মিজানুর রহমান মিজু, আমিনুল হক ভূঁইয়া, এওয়াইএম কামরুল ইসলাম বাবু, অ্যাডভোকেট নূরুল ইসলাম, ডা. কে এম হাফিজুর রহমান, রাজু আহমেদ খান, শেখ বাদশা উদ্দিন মিন্টু, দেওয়ান রাইয়ান ইসলাম, লিজা রহমান ও বিউটি বেগমসহ অন্যরা।
বক্তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যক্তি ও জনগণের সমর্থনের কথাও স্মরণ করেন। তাঁরা বলেন, মার্কিন সিনেটর টেড কেনেডি, সেতারবাদক রবিশঙ্কর এবং যুক্তরাষ্ট্রের অসংখ্য নাগরিক বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামে নৈতিক ও মানবিক সমর্থন দিয়েছিলেন। পাশাপাশি তাঁরা বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথাও উল্লেখ করেন।
সভায় অংশগ্রহণকারীরা গণতন্ত্র, মানবিক মূল্যবোধ ও আন্তর্জাতিক সহযোগিতার ভিত্তিতে একটি শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।