প্রকাশিত: ০৫ জুলাই ২০২৬ , ১০:৪৬ এ এম
অনলাইন সংস্করণ
বাংলাদেশে ইউনানী ও আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতিকে ‘অল্টারনেটিভ মেডিসিন’ নয়, বরং ‘ট্রাডিশনাল মেডিসিন’ হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছে প্রাচীন চিকিৎসা উন্নয়ন প্রচেষ্টা (প্রাচি)। একই সঙ্গে প্রতি বছর ৫ জুলাইকে ‘জাতীয় ইউনানী ও আয়ুর্বেদ দিবস’ হিসেবে ঘোষণা করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভায় প্রাচির নেতৃবৃন্দ এবং ইউনানী-আয়ুর্বেদ চিকিৎসকরা এসব দাবি তুলে ধরেন।
সভায় সভাপতিত্ব করেন প্রাচির জাতীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মুহাম্মদ শফিকুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের জাতীয় কার্যকরী কমিটির সভাপতি ডা. সালেহ মোহাম্মদ আবদুর রহমান, সাধারণ সম্পাদক হাকীম মোহাম্মদ কামরুজ্জামান, কবিরাজ আবদুল মোতালেব মতিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সংগঠনের স্থায়ী কমিটির সদস্য ও মুখপাত্র মোখলেসুর রহমান চিরায়ত চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন, বিশ্লেষণ এবং বাস্তবায়নসংক্রান্ত একটি কার্যপত্র উপস্থাপন করেন।
বক্তারা বলেন, দেশে ইউনানী ও আয়ুর্বেদ কলেজগুলোর সঙ্গে অন্তত ১০ শয্যাবিশিষ্ট হাসপাতাল স্থাপন জরুরি। হাসপাতালের অভাবে সাধারণ মানুষ এই দুই চিকিৎসা পদ্ধতির পূর্ণাঙ্গ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। একই সঙ্গে ইউনানী ও আয়ুর্বেদ চিকিৎসকদের নিজস্ব হাসপাতাল না থাকায় বাধ্য হয়ে এলোপ্যাথিক হাসপাতালে ইন্টার্নশিপ করতে হচ্ছে, যা এই চিকিৎসা শিক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে তারা উল্লেখ করেন।
চিকিৎসকরা আরও বলেন, সরকার এ খাতের উন্নয়নে পর্যাপ্ত পৃষ্ঠপোষকতা দিচ্ছে না। অথচ প্রতিবেশী ভারতে ইউনানী ও আয়ুর্বেদভিত্তিক বিশ্বমানের চক্ষু, দন্ত ও ক্যান্সার বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠিত হয়েছে। তাদের মতে, বাংলাদেশেও একটি সরকারি ইউনানী ও আয়ুর্বেদ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং এই শিক্ষার মান নির্ধারণে কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।
সংবাদ সম্মেলনে বক্তারা আরও দাবি করেন, বাংলাদেশ ড্রাগ অ্যান্ড কসমেটিকস আইন, ২০২৩ মূলত এলোপ্যাথিক চিকিৎসা ব্যবস্থাকে কেন্দ্র করে প্রণীত হওয়ায় এটি ইউনানী ও আয়ুর্বেদের মৌলিক নীতিমালার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। তাই সংশ্লিষ্ট আইনটি এই দুই চিকিৎসা পদ্ধতির বৈশিষ্ট্য ও নীতিমালা বিবেচনায় পুনর্বিবেচনা করে চূড়ান্ত করার আহ্বান জানান তারা।
এছাড়া জাতীয় ইউনানী ও আয়ুর্বেদ ফর্মুলারি নতুন করে প্রণয়ন এবং চিরায়ত চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে দীর্ঘমেয়াদি সরকারি পরিকল্পনা গ্রহণেরও দাবি জানায় প্রাচি।