প্রকাশিত: ৩১ জুলাই ২০২৬ , ০৯:৫৩ এ এম
অনলাইন সংস্করণ
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দুই দেশের সম্পর্ককে আরও গভীর করার প্রত্যয় ব্যক্ত করেছেন। একই সঙ্গে তিনি সুবিধাজনক সময়ে সরকারি সফরে ঢাকা সফরের আগ্রহ প্রকাশ করেছেন, যা বাংলাদেশ-আমিরাত সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে।
ইরানের হামলার পর সংহতি প্রকাশ করায় বাংলাদেশ সরকার ও জনগণকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে একটি চিঠি পাঠান ইউএই প্রেসিডেন্ট। ঢাকাস্থ ইউএই দূতাবাস বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।
চিঠিতে শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান হামলায় সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত দুই বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। তিনি নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং বাংলাদেশের জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
তিনি বলেন, অর্থনৈতিক, উন্নয়ন ও মানবিক সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারত্বকে আরও শক্তিশালী করতে ইউএই প্রতিশ্রুতিবদ্ধ। পারস্পরিক স্বার্থ ও আস্থার ভিত্তিতে দুই দেশের বিদ্যমান সম্পর্ক আগামী দিনে আরও বিস্তৃত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ সফরের জন্য প্রধানমন্ত্রীর আমন্ত্রণকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে ইউএই প্রেসিডেন্ট জানান, প্রথম সুবিধাজনক সুযোগেই তিনি সরকারি সফরে ঢাকা আসতে আগ্রহী। তাঁর মতে, এই সফর দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যকার সুদৃঢ় সম্পর্ককে আরও গভীর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, পারস্পরিক শ্রদ্ধাবোধ, দীর্ঘদিনের বন্ধুত্ব এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির প্রতি অভিন্ন অঙ্গীকারের ভিত্তিতে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বহুমাত্রিক ও শক্তিশালী সম্পর্ক গড়ে উঠেছে। উভয় দেশই ভবিষ্যতে সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনে আশাবাদী।