প্রকাশিত: ১৬ জুলাই ২০২৬ , ০৯:১১ এ এম
অনলাইন সংস্করণ
বাংলাদেশের অভিজ্ঞ কূটনীতিক রাবাব ফাতিমাকে আফগানিস্তানে জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি এবং জাতিসংঘের সহায়তা মিশন ইন আফগানিস্তানের (ইউএনএএমএ) প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
বুধবার (১৫ জুলাই) জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের দপ্তর এক বিবৃতিতে এ নিয়োগের ঘোষণা দেয়। এর মধ্য দিয়ে বাংলাদেশের একজন কূটনীতিক বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জাতিসংঘ মিশনের নেতৃত্বে দায়িত্ব নিতে যাচ্ছেন।
জাতিসংঘ জানায়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সিভিল সার্ভিসে রাবাব ফাতিমার ৩০ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। দীর্ঘ কর্মজীবনে তিনি দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় কূটনীতি, নীতিনির্ধারণ, অ্যাডভোকেসি, কর্মসূচি পরিকল্পনা ও বাস্তবায়নের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কাজ করেছেন।
রাবাব ফাতিমা বর্তমানে আফগানিস্তানে ইউএনএএমএর ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালনকারী কানাডার জর্জেট গ্যানিওনের স্থলাভিষিক্ত হবেন। ২০০২ সালে প্রতিষ্ঠিত ইউএনএএমএ আফগানিস্তানে শান্তি, মানবাধিকার, মানবিক সহায়তা ও রাজনৈতিক প্রক্রিয়ায় জাতিসংঘের কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব পালন করে আসছে।
এর আগে, ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি (রাষ্ট্রদূত) হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময়ে তিনি ইউনিসেফ ও ইউএন উইমেনের নির্বাহী বোর্ডের সভাপতির দায়িত্বও পালন করেছেন।
রাবাব ফাতিমা ২০২২ সালে জাতিসংঘের শান্তি প্রতিষ্ঠা কমিশনের (পিসবিল্ডিং কমিশন) প্রথম নারী চেয়ারম্যান নির্বাচিত হন। একই সময়ে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনের সহ-সভাপতির দায়িত্বও পালন করেন।
বাংলাদেশের পররাষ্ট্রসেবায় দীর্ঘ অভিজ্ঞতার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্বগুণ ও বহুপাক্ষিক কূটনীতিতে তাঁর সক্রিয় ভূমিকা এবার আফগানিস্তানে জাতিসংঘের গুরুত্বপূর্ণ মিশনের নেতৃত্বে নতুন দায়িত্ব পালনের সুযোগ এনে দিল।