প্রকাশিত: ২৪ জুলাই ২০২৬ , ০৬:২৭ পিএম
অনলাইন সংস্করণ
বাংলাদেশ উদীয়মান ও আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানের সঙ্গে সহযোগিতা আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, মহামারি, জলবায়ু পরিবর্তনের অভিঘাত, সাইবার হামলা এবং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে বিঘ্নের মতো বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত ও বাস্তবভিত্তিক উদ্যোগের বিকল্প নেই।
ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দক্ষিণ-পূর্ব এশিয়ায় মৈত্রী ও সহযোগিতা চুক্তির (ট্রিটি অব অ্যামিটি অ্যান্ড কো-অপারেশন বা টিএসি) ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। শুক্রবার (২৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ড. খলিলুর রহমানের মতে, ভবিষ্যতের সংকট মোকাবিলায় যৌথ আগাম সতর্কীকরণ ব্যবস্থা, অভিন্ন ঝুঁকি মূল্যায়ন এবং আঞ্চলিক সংকট ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলা জরুরি। এসব উদ্যোগ সদস্য রাষ্ট্রগুলোর সম্মিলিত প্রস্তুতি ও সক্ষমতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সাইবার অপরাধ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভ্রান্ত ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার এখন আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব ঝুঁকি মোকাবিলায় দেশগুলোর মধ্যে তথ্য বিনিময় ও সমন্বিত পদক্ষেপ প্রয়োজন।
পাঁচ দশক আগে স্বাক্ষরিত টিএসি চুক্তি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর পারস্পরিক সম্পর্ক পরিচালনার মৌলিক নীতিমালা নির্ধারণ করে। রাষ্ট্রের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা, শান্তিপূর্ণ সহাবস্থান এবং একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি এ চুক্তির অন্যতম ভিত্তি।
বাংলাদেশ ২০০৭ সালে টিএসি-তে যোগ দেয় এবং আসিয়ানের নীতিভিত্তিক কাঠামোর সঙ্গে চুক্তিভিত্তিক অঙ্গীকারে যুক্ত হওয়া দক্ষিণ এশিয়ার প্রথম দিকের দেশগুলোর একটি হিসেবে আত্মপ্রকাশ করে।
ম্যানিলা সফরের ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী চিলি, নেদারল্যান্ডস ও ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী এবং কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠক করেন। এসব বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা, পানি সম্পদ ব্যবস্থাপনা, বৈধ অভিবাসন এবং সার্কুলার ইকোনমিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
বর্তমানে তিনি ৩৩তম আসিয়ান রিজিওনাল ফোরামের (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক এবং টিএসি'র ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে ম্যানিলায় অবস্থান করছেন।