-
🇧🇩
বাংলা মূল ভাষা (Original)
-
🇺🇸
English English
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডাকযোগে ভোট দিয়েছেন পোপ চতুর্দশ লিও। এর মধ্য দিয়ে দেশটির নির্বাচনে ভোট দেওয়া প্রথম পোপ হিসেবে ইতিহাস গড়েছেন তিনি। একই সঙ্গে গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ নির্বাচনে কোনো পোপের ভোট দেওয়ার ঘটনাও এটি প্রথম হতে পারে।
শুক্রবার (৩০ অক্টোবর) ভ্যাটিকানের এক বিবৃতিতে জানানো হয়, যুক্তরাষ্ট্রের শিকাগোতে ডাকযোগে ভোট দিয়েছেন দেশটির প্রথম মার্কিন বংশোদ্ভূত পোপ লিও। গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়া নাগরিকদের অধিকার ও দায়িত্ব বলে মনে করেন তিনি।
পোপতন্ত্রবিষয়ক ইতিহাসবিদ ও লেখক মাইকেল ওয়ালশের মতে, এর আগে কোনো পোপ গণতান্ত্রিক নির্বাচনে ভোট দিয়েছেন বলে তাঁর জানা নেই। তিনি সিএনএনকে বলেন, চতুর্দশ লিও সম্ভবত এ ক্ষেত্রে প্রথম।
নির্বাচনী নথি অনুযায়ী, পোপের জন্মনাম রবার্ট ফ্রান্সিস প্রেভোস্ট। এই নামেই তিনি শিকাগোর উপকণ্ঠ নিউ লেনক্সে ভোটার হিসেবে নিবন্ধিত। সাম্প্রতিক বছরগুলোতে তিনি রিপাবলিকান ও ডেমোক্রেটিক দলের প্রাথমিক নির্বাচনে ভোট দিয়েছেন। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও তাঁর ভোট দেওয়ার তথ্য রয়েছে।
২০২৫ সালের মে মাসে পোপ নির্বাচিত হওয়ার পর থেকে নাগরিকদের বিভিন্ন বিষয়ে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে আসছেন তিনি। ইরান যুদ্ধ এবং অভিবাসনবিরোধী কঠোর নীতি নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে তাঁর মতপার্থক্যও প্রকাশ্যে এসেছে।
এবারের নির্বাচনে ইলিনয় অঙ্গরাজ্যের সিনেট ও গভর্নর পদ ছাড়াও প্রতিনিধি পরিষদ এবং স্থানীয় পর্যায়ের নির্বাচনে ভোট দেওয়ার কথা রয়েছে তাঁর।
পোপ একটি স্বাধীন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হলেও যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বজায় রেখেছেন। ফলে দেশটির নির্বাচনে ভোট দেওয়ার আইনগত অধিকার রয়েছে তাঁর। তবে ঠিক কীভাবে তিনি ব্যালট জমা দিয়েছেন, তা ভ্যাটিকানের বিবৃতিতে স্পষ্ট করা হয়নি।