প্রকাশিত: ২৭ সেপ্টেম্বার ২০২৬ , ০৩:৪১ পিএম
অনলাইন সংস্করণ
বাংলাদেশে নিযুক্ত ব্রুনেইয়ের হাইকমিশনার হাজি হারিস বিন হাজি ওসমান বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। হাইকমিশনারের সঙ্গে ছিলেন ব্রুনেই হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি রোজাইমি আব্দুল্লাহ।
বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি এবং বাংলাদেশ-ব্রুনেই দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি দুই দেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় করেন তারা।
বিশেষভাবে বাংলাদেশের চলমান জ্বালানি সংকট নিরসনে ব্রুনেইয়ের সম্ভাব্য ভূমিকা ও সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে দুই দেশের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে ভবিষ্যতে বাংলাদেশ ও ব্রুনেইয়ের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
বৈঠক শেষে ডা. শফিকুর রহমান ব্রুনেইয়ের হাইকমিশনারকে জুলাই আন্দোলনের বিভিন্ন গ্রাফিতি ঘুরে দেখান।
এ সময় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।