প্রকাশিত: ০৪ অক্টোবার ২০২৬ , ১২:০৬ পিএম
অনলাইন সংস্করণ
মূল্যস্ফীতি ও প্রবৃদ্ধিতে সতর্ক কেন্দ্রীয় ব্যাংক
মূল্যস্ফীতি কিছুটা কমলেও এর স্থায়িত্ব নিয়ে অনিশ্চয়তা থাকায় নীতি সুদহার ৯ দশমিক ৫০ শতাংশে অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ ব্যাংক। জ্বালানি তেলের সম্ভাব্য মূল্যবৃদ্ধি, নতুন বেতনকাঠামোর প্রভাব এবং বৈশ্বিক বাজারের অনিশ্চয়তা বিবেচনায় নিয়ে কেন্দ্রীয় ব্যাংক আপাতত সতর্ক অবস্থান নিয়েছে।
বুধবার অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকের মুদ্রানীতি ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান জানান, ২৩ সেপ্টেম্বর মুদ্রানীতি কমিটির সভায় সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে ব্যাংকগুলোর জরুরি তারল্য সহায়তার সুদহার এসএলএফ ১১ শতাংশ এবং আমানত গ্রহণের সুদহার এসডিএফ ৭ দশমিক ৫০ শতাংশে বহাল রাখা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুনে দেশের সার্বিক মূল্যস্ফীতি ৯ দশমিক ১৬ শতাংশ থাকলেও আগস্টে তা কমে ৮ দশমিক ২৬ শতাংশে নেমেছে। এটি ১০ মাসের মধ্যে সর্বনিম্ন। তবে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি এখনো ৯ দশমিক ৩২ শতাংশ। কেন্দ্রীয় ব্যাংকের আশঙ্কা, জ্বালানি ও সারের দাম বৃদ্ধি এবং নতুন বেতনকাঠামো মূল্যস্ফীতির ওপর আবারও চাপ তৈরি করতে পারে।
অন্যদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধিও দুর্বল রয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি ৪ দশমিক ১৪ শতাংশ হলেও তৃতীয় প্রান্তিকে তা ২ দশমিক ২২ শতাংশে নেমেছে। আগস্টে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিল মাত্র ৪ দশমিক ৭৫ শতাংশ।
অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার সহায়তা প্যাকেজ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যে বন্ধ কারখানা চালু এবং কৃষি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প ও রপ্তানি বহুমুখীকরণে অর্থায়নের ব্যবস্থা রয়েছে।
বিশ্লেষকদের মতে, সুদহার অপরিবর্তিত রেখে বাংলাদেশ ব্যাংক আপাতত মূল্যস্ফীতি, ঋণপ্রবাহ ও বিনিয়োগের গতিপ্রকৃতি পর্যবেক্ষণের পথ বেছে নিয়েছে।