এখন সময় ডেস্ক

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বার ২০২৬ , ০৯:১০ এ এম

অনলাইন সংস্করণ

নিউইয়র্কে তারেক রহমানকে স্বাগত জানাতে মহানগর বিএনপির প্রস্তুতি সভা অনুষ্টিত

আগামী ২১ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে স্বাগত জানাতে বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করেছে নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপি। জাতিসংঘের সাধারণ বিতর্ক ২২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে।

এ উপলক্ষে গত ১৫ সেপ্টেম্বর রাতে ব্রঙ্কসের একটি পার্টি হাউসে সংগঠনটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির সভাপতি আহবাব চৌধুরী খোকন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী।

সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট, জিল্লুর রহমান জিল্লু এবং যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসীম ভূইয়া।

এছাড়া উপস্থিত ছিলেন আব্দুস সবুব, ডা. আব্দুস সবুব, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, ড. নুরুল আমিন পলাশ ও জাফর তালুকদার।

সভায় বক্তব্য দেন কাজী আমিনুল ইসলাম স্বপন, আনোয়ার জাহিদ, আব্দুর রহিম, লিয়াকত আলী, আনোয়ারুল আলম ভূইয়া, শরিফ শামীম শিবলী ও জিয়াউল আহমদ জামিল।

প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন খোকন বলেন, বিএনপি একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল এবং নেতাকর্মীদের আচরণ ও কর্মকাণ্ডের মাধ্যমে তা প্রমাণ করতে হবে। তিনি জানান, ২১ সেপ্টেম্বর দলের পক্ষ থেকে নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানানো হবে।

তিনি আরও বলেন, তারেক রহমান নিউইয়র্কে অবস্থানকালে দলীয়ভাবে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এর মধ্যে নিউইয়র্কের বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ মিছিল ও সমাবেশের আয়োজন থাকবে। একই সঙ্গে কোনো ধরনের উসকানির মুখে এমন কোনো কর্মকাণ্ড না করার আহ্বান জানান, যাতে বিদেশের মাটিতে দল ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।

সভাপতির বক্তব্যে আহবাব চৌধুরী খোকন বলেন, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে দলের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন। পাশাপাশি কর্মসূচি যাতে কোনো ধরনের উসকানির কারণে ব্যাহত না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

সভায় নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপি ও এর চারটি ব্যুরো কমিটির বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।