এখন সময় ডেস্ক

প্রকাশিত: ০৩ জুলাই ২০২৬ , ০৯:২২ এ এম

অনলাইন সংস্করণ

৯৬ বছরের বিশ্বকাপ ইতিহাসে নতুন অধ্যায়, নকআউটে অনন্য রেকর্ড রোনালদোর

বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। নকআউট পর্বে মাঠে নেমেই গড়লেন এমন এক রেকর্ড, যা এর আগে কোনো আউটফিল্ড খেলোয়াড়ের দখলে ছিল না।

শুক্রবার কানাডার টরন্টো স্টেডিয়ামে ক্রোয়েশিয়ার বিপক্ষে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে পর্তুগালের শুরুর একাদশে জায়গা পান রোনালদো। ম্যাচ শুরুর বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই ৪১ বছর ৪ মাস ২৭ দিন বয়সে তিনি বিশ্বকাপের নকআউট পর্বে শুরুর একাদশে নামা ইতিহাসের সবচেয়ে বেশি বয়সী মাঠের খেলোয়াড়ের রেকর্ড নিজের করে নেন।

এর আগে এই কীর্তির মালিক ছিলেন বসনিয়া ও হার্জেগোভিনার স্ট্রাইকার এডিন জেকো। তবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে দলের বিদায়ের পর সেই রেকর্ড ভেঙে দেন পর্তুগিজ মহাতারকা।

রোনালদোর ক্যারিয়ারে এটি ষষ্ঠ বিশ্বকাপ। এর মাধ্যমে তিনি বিশ্বকাপের ছয়টি আসরে অংশ নেওয়া ইতিহাসের মাত্র তিনজন ফুটবলারের একজন হিসেবে নিজের অবস্থান আরও দৃঢ় করেছেন। দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি পর্তুগালকে একটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং দুটি উয়েফা নেশনস লিগের শিরোপাও উপহার দিয়েছেন।

বিশ্বকাপের নকআউট পর্বে সবচেয়ে বেশি বয়সে শুরুর একাদশে নামা খেলোয়াড়দের তালিকায় রোনালদোর পরেই রয়েছেন ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ। এই ম্যাচে তার বয়স ৪০ বছর ২৯৬ দিন। তৃতীয় স্থানে আছেন এডিন জেকো, যিনি ৪০ বছর ১০৬ দিন বয়সে এই রেকর্ড গড়েছিলেন। চতুর্থ স্থানে রয়েছেন পর্তুগালের সাবেক ডিফেন্ডার পেপে। ২০২২ বিশ্বকাপে নকআউট ম্যাচে মাঠে নামার সময় তার বয়স ছিল ৩৯ বছর ২৮৩ দিন।

বয়স যে শুধু একটি সংখ্যা, আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে আবারও সেটিই প্রমাণ করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বিশ্বকাপের ইতিহাসে নিজের নামের পাশে আরও একটি অনন্য রেকর্ড যোগ করে কিংবদন্তি এই ফুটবলার লিখলেন নতুন ইতিহাস।