এখন সময় ডেস্ক

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বার ২০২৬ , ০৯:২২ এ এম

অনলাইন সংস্করণ

রোনালদোর নেতৃত্বে ৯০ বছরের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস আল নাসরের

সৌদি প্রো লিগে টানা গোল করার নতুন বিশ্বরেকর্ড গড়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব আল নাসর। আল খালিজের বিপক্ষে ১-১ গোলে ড্র করা ম্যাচে অন্তত একটি গোল করার মধ্য দিয়ে টানা ৯৪ ম্যাচে গোল করার কীর্তি গড়েছে দলটি।

এই রেকর্ড গড়ার পথে আল নাসর পেছনে ফেলেছে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব রিভার প্লেটকে। ১৯৩৩ থেকে ১৯৩৬ সাল পর্যন্ত শীর্ষ পর্যায়ের লিগে টানা ৯৩ ম্যাচে গোল করেছিল রিভার প্লেট। প্রায় নয় দশক পর সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস তৈরি করল সৌদি আরবের ক্লাবটি।

আল খালিজের বিপক্ষে ম্যাচে ৭২ মিনিটে আব্দুল্লাহ আল-হামদানের গোলেই সমতায় ফেরে আল নাসর। সেই গোল শুধু দলের হার এড়ানোর জন্য গুরুত্বপূর্ণ ছিল না, একই সঙ্গে রেকর্ডের নতুন অধ্যায়ও লিখে দেয়।

২০২৩ সালে আল নাসরে যোগ দেওয়ার পর থেকেই দলের অন্যতম প্রধান শক্তি হিসেবে রয়েছেন রোনালদো। তার নেতৃত্বেই এসেছে এই ঐতিহাসিক সাফল্য। সৌদি প্রো লিগে এখন পর্যন্ত ১১৩ ম্যাচে ১০৫ গোল করেছেন ৪১ বছর বয়সী পর্তুগিজ তারকা।

আল নাসরের টানা গোল করার রেকর্ডযাত্রা শুরু হয়েছিল ২০২৩ সালের ডিসেম্বরে। সে সময় আল হিলালের কাছে ৩-০ গোলে হারের পরের ম্যাচে আল রিয়াদের বিপক্ষে ৪-১ গোলের জয় দিয়ে শুরু হয় তাদের এই ধারাবাহিকতা। এরপর আর কোনো ম্যাচে গোলশূন্য থাকেনি দলটি।

তবে রেকর্ডের ম্যাচটি আল নাসরের জন্য পুরোপুরি স্বস্তির ছিল না। রেলিগেশন জোনের ঠিক ওপরে থাকা আল খালিজের বিপক্ষে পয়েন্ট হারিয়ে লিগের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে নেমে গেছে তারা। আল হিলালের চেয়ে দুই এবং আল ইত্তিহাদের চেয়ে এক পয়েন্ট পিছিয়ে রয়েছে রোনালদোর দল।

এরই মধ্যে রোনালদোর ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে নতুন আলোচনা। চলতি মৌসুম শেষেই পেশাদার ফুটবলকে বিদায় জানানোর ইঙ্গিত দিয়েছেন তিনি। ক্যারিয়ারে ১ হাজার গোলের ঐতিহাসিক মাইলফলক স্পর্শের পথে থাকা এই তারকার গোলসংখ্যা বর্তমানে ৯৭৯। ফলে অবসরের আগে আরও ২১ গোল করতে পারলে অনন্য সেই রেকর্ডে পৌঁছাবেন তিনি।