এখন সময় ডেস্ক

প্রকাশিত: ১৬ জুলাই ২০২৬ , ১২:১৭ পিএম

অনলাইন সংস্করণ

স্পটিফাইয়ে ইতিহাস গড়ল কর্টিস, ‘রেডরেড’-এর টানা ৭০ দিনের রাজত্ব

কে-পপ বয় ব্যান্ড কর্টিসের জনপ্রিয়তা এখন বিশ্বজুড়ে। এবার স্পটিফাইয়ের দক্ষিণ কোরিয়ার ডেইলি টপ সং চার্টে নতুন ইতিহাস গড়েছে দলটির গান ‘রেডরেড’। টানা ৭০ দিন ধরে চার্টের শীর্ষস্থান ধরে রেখে কে-পপ গ্রুপের কোনো গানের জন্য নতুন রেকর্ড গড়েছে এটি।

গত ২৭ এপ্রিল প্রথমবারের মতো চার্টের এক নম্বরে উঠে আসে ‘রেডরেড’। এরপর থেকে গানটি আর শীর্ষস্থান হারায়নি। ১২ জুলাই প্রকাশিত চার্টে টানা ৭০তম দিনের মতো শীর্ষে থেকে তিন বছর চার মাসের পুরোনো রেকর্ড ভেঙেছে গানটি।

এর আগে গত ২০ জুন টানা ৫০ দিন শীর্ষে থেকে কে-পপ বয় ব্যান্ডের গানের নতুন রেকর্ড গড়েছিল ‘রেডরেড’। এরপর সেই অর্জনকেও আরও অনেক দূর নিয়ে গেছে কর্টিস।

শুধু দৈনিক চার্টেই নয়, সাপ্তাহিক তালিকাতেও দাপট দেখাচ্ছে গানটি। ৩ থেকে ৯ জুলাই পর্যন্ত স্পটিফাই উইকলি টপ সংস কোরিয়া চার্টে টানা ১১ সপ্তাহ ধরে এক নম্বরে রয়েছে ‘রেডরেড’। এটিও কে-পপের জন্য নতুন এক মাইলফলক।

কর্টিসের জনপ্রিয়তার প্রমাণ মিলছে স্পটিফাইয়ের মাসিক শ্রোতার সংখ্যাতেও। বিগহিট মিউজিক জানিয়েছে, বর্তমানে দলটির মাসিক শ্রোতা ১ কোটি ২৬ লাখ ৭০ হাজার। দক্ষিণ কোরিয়ার বয় ব্যান্ডগুলোর মধ্যে এই সংখ্যা সর্বোচ্চ তিনটির অন্যতম।

পাঁচ সদস্যের কর্টিস গঠিত হয়েছে মার্টিন, জেমস, জুহুন, সিয়ংহিয়ন ও কনহোকে নিয়ে। নিজেদের গানের কথা ও সুর তৈরিতেও সক্রিয় ভূমিকা রাখেন তাঁরা। ‘রেডরেড’-এর পাশাপাশি একই অ্যালবামের আরেকটি গান ‘ইয়াংক্রিয়েটরক্রু’ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

রেকর্ড গড়ার এই সাফল্যের মধ্যেই শুরু হতে যাচ্ছে কর্টিসের প্রথম একক বিশ্ব সফর। আগামী ১৮ ও ১৯ জুলাই ইনচনের ইনস্পায়ার অ্যারিনায় অনুষ্ঠিত হবে তাদের প্রথম একক কনসার্ট। এরপর সিউল, টরন্টো, নিউইয়র্ক এবং জাপানের কানাগাওয়ায় কনসার্ট করবে দলটি। ইতোমধ্যে ইনচন ও উত্তর আমেরিকার সব কনসার্টের আগাম টিকিট বিক্রি শেষ হয়ে গেছে।

এদিকে আগামী ৩১ জুলাই ও ১ আগস্ট যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সংগীত উৎসব ললাপালুজা শিকাগোতে একক পরিবেশনা করবে কর্টিস। চলতি বছরে এই উৎসবে একক পরিবেশনার জন্য আমন্ত্রিত একমাত্র কে-পপ বয় ব্যান্ডও তারাই।