প্রকাশিত: ০১ আগষ্ট ২০২৬ , ১২:২৮ পিএম
অনলাইন সংস্করণ
বাংলাদেশের সংগীতপ্রেমীদের জন্য সুখবর। চলতি আগস্টে প্রথমবারের মতো ঢাকায় পারফর্ম করতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় র্যাপার, গায়ক ও গীতিকার হাসান রহিম। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।
বর্তমানে ‘দিল কে পারদে’ শিরোনামে বিশ্বব্যাপী সংগীত সফরে রয়েছেন হাসান রহিম। এই সফরের অংশ হিসেবে এরই মধ্যে উত্তর আমেরিকা, লন্ডন ও ইউরোপের বিভিন্ন শহরে কনসার্ট করেছেন তিনি। প্রতিটি আয়োজনেই দর্শকদের ব্যাপক সাড়া পাওয়ার পর এবার সেই সফরের গন্তব্য হচ্ছে বাংলাদেশ।
আগামী ২৮ আগস্ট রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে তাঁর একক কনসার্ট। আয়োজন করছে কেওয়াইএন আর্ট। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শিগগিরই অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।
আরঅ্যান্ডবি, হিপহপ ও ইন্ডি-পপ ঘরানার সংগীতের জন্য পরিচিত হাসান রহিম পাকিস্তানের কোক স্টুডিওর ১৪তম আসরে প্রকাশিত ‘পিছে হাট’ গান দিয়ে আন্তর্জাতিকভাবে আলোচনায় আসেন। পরে ‘তুররি জান্দি’ গানও শ্রোতাদের প্রশংসা কুড়ায়। তাঁর জনপ্রিয় গানের তালিকায় রয়েছে ‘পয়সা’, ‘রাধা’, ‘ফালতু পেয়ার’, ‘অ্যায়সে কেয়সে’ ও ‘মেহবুবা’।
সম্প্রতি ঢাকায় পাকিস্তানি শিল্পীদের উপস্থিতি বেড়েছে। গত ২৪ জুলাই রাজধানীর ১০০ ফুট এলাকায় আয়োজিত ‘মেইন স্টেজ ফিচারিং আতিফ আসলাম’ কনসার্টে প্রায় দুই ঘণ্টা পারফর্ম করেন জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। অনুষ্ঠানে তিনি ‘তেরে বিন’, ‘আদাত’, ‘পেহলি নজর মে’ ও ‘তেরা হোনে লাগা হু’সহ তাঁর বহুল জনপ্রিয় গান পরিবেশন করেন। একই মঞ্চে পারফর্ম করে বাংলাদেশের ব্যান্ড লেভেল ফাইভ ও মেঘদলও।
অন্যদিকে, আজ রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে বাতিল হয়েছে পশ্চিমবঙ্গের শিল্পী অনুপম রায়ের কনসার্ট। আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইমস কমিউনিকেশনের ভাষ্য অনুযায়ী, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনার পর অনুষ্ঠানটি স্থগিত করা হয়।