এখন সময় ডেস্ক

প্রকাশিত: ২৪ জুলাই ২০২৬ , ১০:২৬ এ এম

অনলাইন সংস্করণ

স্টার সিনেপ্লেক্সে আজ চার নতুন হলিউড সিনেমা

হরর, সাইকোলজিক্যাল থ্রিলার, অ্যানিমেশন এবং থ্রিডি কনসার্ট ফিল্মসহ বৈচিত্র্যময় চারটি হলিউড সিনেমা আজ থেকে প্রদর্শিত হচ্ছে স্টার সিনেপ্লেক্সে। নতুন মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে রয়েছে সংগীত তারকা বিলি আইলিশের কনসার্ট ফিল্ম, জনপ্রিয় হরর ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তি, ভৌতিক থ্রিলার এবং টাইম-ট্রাভেলভিত্তিক একটি অ্যানিমেশন সিনেমা।

বিলি আইলিশের থ্রিডি কনসার্ট অভিজ্ঞতা

‘বিলি আইলিশ—হিট মি হার্ড অ্যান্ড সফট: দ্য ট্যুর’ সিনেমাটি নির্মিত হয়েছে বিলি আইলিশের বিশ্বব্যাপী আলোচিত সংগীতসফরকে কেন্দ্র করে। ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এই ট্যুরের নির্বাচিত পারফরম্যান্স এবং পর্দার পেছনের নানা মুহূর্ত এতে তুলে ধরা হয়েছে। থ্রিডি প্রযুক্তিতে নির্মিত সিনেমাটির প্রযোজনা ও পরিচালনায় রয়েছেন জেমস ক্যামেরন এবং বিলি আইলিশ নিজেই।

হররের নতুন অধ্যায় ‘এভিল ডেড বার্ন’

জনপ্রিয় ‘এভিল ডেড’ ফ্র্যাঞ্চাইজির ষষ্ঠ সিনেমা ‘এভিল ডেড বার্ন’। এটি ‘এভিল ডেড রাইজ’-এর সিকুয়েল। সেবাস্টিয়ান ভ্যানিচেক পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন সুহেলা ইয়াকুব, হান্টার ডুহান ও লুসিয়ানে বুকানন।

গল্পে দেখা যায়, স্বামী উইলের মৃত্যুর পর মানসিকভাবে ভেঙে পড়া অ্যালিস শ্বশুরবাড়িতে যায়। সেখানে গিয়ে সে আবিষ্কার করে, পরিবারের সদস্যরা এক রহস্যময় অশুভ শক্তির প্রভাবে ভয়ংকর রূপ ধারণ করছে। বেঁচে থাকার জন্য তাকে শুরু করতে হয় মৃত্যুর সঙ্গে এক রুদ্ধশ্বাস লড়াই।

দুঃস্বপ্নের যাত্রা ‘প্যাসেঞ্জার’

নরওয়েজিয়ান নির্মাতা আন্দ্রে অভ্রেডাল পরিচালিত ভৌতিক সিনেমা ‘প্যাসেঞ্জার’-এর গল্প আবর্তিত হয়েছে এক তরুণ দম্পতিকে ঘিরে। নির্জন মহাসড়কে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনার পর তারা সাহায্যের জন্য গাড়ি থামায়। পরে যাত্রা শুরু করলে তারা টের পায়, কোনো এক অভিশপ্ত অপশক্তি তাদের সঙ্গে গাড়িতে উঠে এসেছে। সাধারণ এক ভ্রমণ মুহূর্তেই রূপ নেয় ভয়ংকর দুঃস্বপ্নে।

সিল্ক রোডে টাইম ট্রাভেলের অভিযান

অ্যানিমেশনধর্মী ‘টাইম হোপারস: দ্য সিল্ক রোড’ সিনেমায় ভবিষ্যৎ ও অতীতের এক চমকপ্রদ মেলবন্ধন তুলে ধরা হয়েছে। ২০৫০ সালের ভ্যাঙ্কুভার থেকে চার মেধাবী শিশু টাইম ট্রাভেলের মাধ্যমে পৌঁছে যায় প্রাচীন সিল্ক রোড অঞ্চলে। সেখানে তারা জানতে পারে, এক ধূর্ত অ্যালকেমিস্ট অতীতের বিজ্ঞানীদের গুরুত্বপূর্ণ আবিষ্কার ধ্বংস করে ভবিষ্যতের ইতিহাস বদলে দিতে চায়। মানবসভ্যতার জ্ঞান ও সংস্কৃতি রক্ষার অভিযানে নেমে পড়ে শিশুরা।

চার ভিন্ন স্বাদের এই সিনেমা দিয়ে দর্শকদের জন্য বৈচিত্র্যময় বিনোদনের আয়োজন করেছে স্টার সিনেপ্লেক্স। হরর থেকে শুরু করে সঙ্গীত ও অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য থাকছে পছন্দের সিনেমা বেছে নেওয়ার সুযোগ।