প্রকাশিত: ১২ জুলাই ২০২৬ , ০৭:৫৮ এ এম
অনলাইন সংস্করণ
বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশনে দুর্দান্ত ছন্দে এগিয়ে চলেছে আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে শুধু ষষ্ঠবারের মতো সেমিফাইনালেই ওঠেনি লিওনেল স্কালোনির দল, গড়েছে একাধিক নতুন রেকর্ডও। ব্যক্তিগত অর্জনের তালিকায় নতুন ইতিহাস লিখেছেন অধিনায়ক লিওনেল মেসিও।
কানসাস সিটিতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে আর্জেন্টিনা। ১০ মিনিটে আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের গোলে এগিয়ে যায় আলবিসেলেস্তেরা। গোলটি আসে লিওনেল মেসির পাস থেকে। এই অ্যাসিস্টের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ১০টি অ্যাসিস্ট করার অনন্য কীর্তি গড়েন আটবারের ব্যালন ডি'অরজয়ী।
৬৭ মিনিটে ডান এনদয়ের গোলে সমতা ফেরায় সুইজারল্যান্ড। নির্ধারিত ৯০ মিনিট ১-১ সমতায় শেষ হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ১১২ মিনিটে হুলিয়ান আলভারেস এবং যোগ করা সময়ে লাউতারো মার্তিনেস গোল করে আর্জেন্টিনাকে ৩-১ ব্যবধানে জয় এনে দেন।
এই জয়ে বিশ্বকাপে টানা ১২ ম্যাচে দুই বা তার বেশি গোল করার নতুন রেকর্ড গড়েছে আর্জেন্টিনা। এতদিন এই কীর্তির মালিক ছিল উরুগুয়ে, যারা টানা ১১ ম্যাচে অন্তত দুটি করে গোল করেছিল। তালিকায় এরপর রয়েছে জার্মানি (১০), হাঙ্গেরি (৯) ও ফ্রান্স (৮)।
আরও একটি রেকর্ড গড়েছে আর্জেন্টিনা। সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি ছিল বিশ্বকাপে তাদের ১৩তম অতিরিক্ত সময়ে খেলা ম্যাচ। এতে ১২ ম্যাচ নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে জার্মানি।
২০২২ বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে হারের পর থেকেই দুর্দান্ত ধারাবাহিকতায় রয়েছে আর্জেন্টিনা। সেই পরাজয়ের পর বিশ্বকাপে টানা ১২টি ম্যাচ জিতেছে তারা। এই সময়ে দলটি ৩১টি গোল করেছে, বিপরীতে হজম করেছে ১২ গোল।
বিশ্বকাপের ইতিহাসে এটি আর্জেন্টিনার ষষ্ঠ সেমিফাইনাল। উল্লেখযোগ্য বিষয় হলো, আগের পাঁচবারই শেষ চার থেকে ফাইনালে জায়গা করে নিয়েছিল আলবিসেলেস্তেরা। এবারও সেই ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য স্কালোনির শিষ্যদের সামনে। ১৫ জুলাই দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। তার আগে ১৪ জুলাই প্রথম সেমিফাইনালে লড়বে স্পেন ও ফ্রান্স।