প্রকাশিত: ১১ জুলাই ২০২৬ , ০৯:২৮ এ এম
অনলাইন সংস্করণ
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে কঠিন লড়াইয়ের অপেক্ষায় আর্জেন্টিনা। বাংলাদেশ সময় আগামীকাল রোববার সকাল ৭টায় কানসাসে মুখোমুখি হবে দুই দল। ম্যাচের আগে প্রতিপক্ষের শক্তিমত্তার কথা তুলে ধরে সতর্ক থাকার বার্তা দিয়েছেন আর্জেন্টিনার কোচিং স্টাফের সদস্য ও সাবেক ডিফেন্ডার ওয়াল্টার স্যামুয়েল।
স্যামুয়েলের মতে, সুইজারল্যান্ড শুধু শারীরিকভাবে শক্তিশালী দলই নয়, তারা কৌশলগত দিক থেকেও পরিণত। গ্রানিত শাকা ও ম্যানুয়েল আকাঞ্জির মতো অভিজ্ঞ ফুটবলারদের কারণে দলটি বল দখলে শান্ত থাকে এবং সংগঠিত ফুটবল খেলে। তিনি বলেন, প্রতিপক্ষকে কেবল শক্তিনির্ভর বা রক্ষণাত্মক দল হিসেবে দেখার সুযোগ নেই। ম্যাচের পরিস্থিতি বুঝে খেলার গতি নিয়ন্ত্রণ করার সামর্থ্যও তাদের রয়েছে।
তিনি জানান, আর্জেন্টিনা সুইজারল্যান্ডের শক্তি ও দুর্বলতা বিশ্লেষণ করে পরিকল্পনা সাজাচ্ছে। একই সঙ্গে নিজেদের স্বাভাবিক খেলায় মনোযোগ দিচ্ছে দল। স্যামুয়েলের ভাষায়, এখন একমাত্র লক্ষ্য কোয়ার্টার ফাইনাল পেরিয়ে সেমিফাইনালে ওঠা। ফাইনালের স্বপ্ন থাকলেও আপাতত পুরো মনোযোগ সুইজারল্যান্ডের বিপক্ষেই।
এদিকে আর্জেন্টিনার সবচেয়ে বড় ভরসা অধিনায়ক লিওনেল মেসি। ৩৯ বছর বয়সেও দুর্দান্ত ছন্দে থাকা এই তারকা এবারের বিশ্বকাপে ৮ গোল করে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার তালিকায় আছেন, যদিও তিনি একটি ম্যাচ কম খেলেছেন।
২০২২ সালের বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জেতানোর পরও ধারাবাহিকতা ধরে রেখেছেন মেসি। বিশ্বকাপে টানা ৯ ম্যাচে গোল করার বিরল কীর্তিও গড়েছেন তিনি। বিশ্বকাপ ইতিহাসে ২১ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতাও তিনি। তাঁর অসাধারণ পারফরম্যান্সে মুগ্ধ স্পেনের কোচ লুইস ডে লা ফুয়েন্তে। তাঁর মন্তব্য, মেসিকে দেখে যেন ১৯ বছর বয়সী এক তরুণ ফুটবলারের মতোই মনে হয়।
সুইজারল্যান্ডের বিপক্ষে কঠিন পরীক্ষায়ও তাই আর্জেন্টিনার সবচেয়ে বড় আশা সেই মেসিকেই ঘিরে।