খেলাধুলা ডেস্ক

প্রকাশিত: ১০ জুলাই ২০২৬ , ০৩:১৯ পিএম

অনলাইন সংস্করণ

সুইজারল্যান্ড ম্যাচে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে দল নির্বাচনে বড় কোনো পরিবর্তনের পথে হাঁটছেন না প্রধান কোচ লিওনেল স্কালোনি। শেষ ষোলোতে মিশরের বিপক্ষে নাটকীয় জয়ের পর আগের ম্যাচের মূল কাঠামোই ধরে রাখতে চান তিনি।

মিশরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে থেকেও দারুণ প্রত্যাবর্তন করে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় আলবিসেলেস্তেরা। পুরো ম্যাচে বলের দখল ও আক্রমণে আধিপত্য থাকলেও গোলের সুযোগ নষ্ট এবং রক্ষণে কিছু ভুলের কারণে শেষ পর্যন্ত লড়াইটা কঠিন হয়ে ওঠে। এরপরও দলের সামগ্রিক পারফরম্যান্সে সন্তুষ্ট কোচিং স্টাফ।

তাই সুইজারল্যান্ডের বিপক্ষে শুরুর একাদশে বড় ধরনের রদবদলের সম্ভাবনা নেই। তবে দুটি পজিশন নিয়ে এখনো ভাবছেন স্কালোনি। রাইট-ব্যাকে নাহুয়েল মোলিনা নাকি গঞ্জালো মন্টিয়েল খেলবেন, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। একইভাবে আক্রমণভাগে হুলিয়ান আলভারেসের পরিবর্তে লাওতারো মার্তিনেজকে সুযোগ দেওয়া হবে কি না, সেটিও এখন আলোচনায় রয়েছে।

শেষ ষোলোর ম্যাচে মোলিনা ও আলভারেস প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি। অন্যদিকে বদলি হিসেবে নেমে ইতিবাচক প্রভাব ফেলেন মন্টিয়েল ও লাওতারো। বিশেষ করে লাওতারো দ্বিতীয় গোলের আক্রমণ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি তৃতীয় গোলেও অ্যাসিস্ট করে নিজের দাবি আরও জোরালো করেছেন।

ম্যাচের আগে শেষ দুটি অনুশীলনে সম্ভাব্য বিভিন্ন সমন্বয় পরীক্ষা করে দেখবেন স্কালোনি। এরপরই সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার চূড়ান্ত একাদশ নির্ধারণ করা হবে। তবে বর্তমান পরিস্থিতিতে এক বা দুটি পরিবর্তনের বেশি হওয়ার সম্ভাবনা খুবই কম।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:

এমিলিয়ানো মার্তিনেজ; নাহুয়েল মোলিনা/গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তালিয়াফিকো; রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার; লিওনেল মেসি এবং হুলিয়ান আলভারেস/লাওতারো মার্তিনেজ।