প্রকাশিত: ১১ জুলাই ২০২৬ , ০৯:৩৩ এ এম
অনলাইন সংস্করণ
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে শেষ মুহূর্তের নাটকীয় জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্পেন। লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে শেষ চারের টিকিট কেটেছে লা রোজা। ২০১০ সালে বিশ্বকাপ জয়ের পর এই প্রথম সেমিফাইনালে উঠল স্পেন, আর টুর্নামেন্ট থেকে বিদায় নিল রোমেলু লুকাকুদের বেলজিয়াম।
ম্যাচের শুরু থেকেই বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল স্পেন। প্রথমার্ধে ফাবিয়ান রুইজের গোলে এগিয়ে যায় তারা। তবে বেশিক্ষণ সেই লিড ধরে রাখতে পারেনি। বেলজিয়ামের হয়ে চার্লস ডি কেটেলায়েরে গোল করে ম্যাচে সমতা ফেরান।
বিরতির পর দুই দলই জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে। কেভিন ডি ব্রুইনে ও ম্যাক্সিম ডি কুইপার একাধিক আক্রমণে স্পেনের রক্ষণভাগকে ব্যস্ত রাখলেও গোল আদায় করতে পারেননি। অন্যদিকে লামিন ইয়ামাল ও মিকেল ওয়ারইয়াসাবালের প্রচেষ্টায় বারবার চাপে পড়ে বেলজিয়াম। গোলরক্ষক থিবো কুর্তোয়া এবং পরে ইনজুরির কারণে তার বদলি সেনে ল্যামেন্স কয়েকটি দুর্দান্ত সেভ করে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন।
ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকেই এগোচ্ছিল, তখনই আসে নাটকীয় মুহূর্ত। ৮৭তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামার মাত্র ১ মিনিট ৫৭ সেকেন্ডের মধ্যেই জয়ের নায়ক হয়ে ওঠেন মিকেল মেরিনো। পাও কুবারসির শট ল্যামেন্স ঠেকালেও ফিরতি বল জালে জড়িয়ে স্পেনকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন তিনি।
শেষ কয়েক মিনিটে বেলজিয়াম সমতায় ফেরার চেষ্টা করলেও স্পেনের দৃঢ় রক্ষণ সেই সুযোগ দেয়নি। শেষ বাঁশি বাজতেই উল্লাসে মেতে ওঠে স্প্যানিশ শিবির, নিশ্চিত হয় বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট।
এবার শেষ চারে স্পেনের প্রতিপক্ষ টানা দুই বিশ্বকাপের ফাইনালিস্ট ফ্রান্স। ইউরোপের দুই পরাশক্তির এই লড়াই ঘিরে ইতোমধ্যেই ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। ১৬ বছর পর আবারও বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছে স্পেন।