প্রকাশিত: ১৬ জুলাই ২০২৬ , ০৬:৪০ এ এম
অনলাইন সংস্করণ
১৯৮৬ আর ২০২৬। মাঝে কেটে গেছে চার দশক। বদলেছে ফুটবলের ধরন, পাল্টেছে প্রজন্ম, বিশ্বকাপও পেয়েছে নতুন রূপ। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার গল্প যেন একই সুরে বাঁধা। চার দশকের ব্যবধানে দুই বিশ্বকাপে একই প্রতিপক্ষকে ২-১ গোলে হারিয়ে ইতিহাসের অংশ হয়ে থাকল আলবিসেলেস্তেরা।
১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচের নায়ক ছিলেন দিয়েগো আরমান্দো ম্যারাডোনা। তাঁর করা দুটি গোলের একটি ফুটবল ইতিহাসে 'হ্যান্ড অব গড' নামে পরিচিত, অন্যটি বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা গোল হিসেবে স্বীকৃত। নিজের অর্ধ থেকে বল নিয়ে একের পর এক ইংলিশ ফুটবলারকে কাটিয়ে করা সেই গোল আজও ফুটবলপ্রেমীদের বিস্মিত করে।
সেই জয়ের পথ ধরেই শেষ পর্যন্ত বিশ্বকাপ শিরোপা জিতেছিল ম্যারাডোনার আর্জেন্টিনা।
৪০ বছর পর আবারও বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ডকে হারাল আর্জেন্টিনা। এবার ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে ২-১ ব্যবধানে জয় তুলে নিয়ে ফাইনালে উঠেছে লিওনেল মেসির দল। অবিশ্বাস্য মিল হলো, দুই ম্যাচেই জয়ী দল আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড এবং স্কোরলাইনও একই, ২-১।
দুই ম্যাচের আরেকটি বড় মিল নেতৃত্বে থাকা দুই কিংবদন্তিকে ঘিরে। ১৯৮৬ সালে আর্জেন্টিনার স্বপ্ন পূরণে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন ম্যারাডোনা। আর ২০২৬ সালে সেই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন লিওনেল মেসি। দুই প্রজন্মের দুই মহাতারকার হাত ধরেই ইংল্যান্ডের বিপক্ষে এসেছে দুটি ঐতিহাসিক জয়।
১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ের স্মৃতি তাই নতুন করে ফিরে এসেছে আর্জেন্টাইন সমর্থকদের মনে। কারণ ম্যারাডোনার মতো মেসিও ইংল্যান্ডকে হারিয়ে দলকে তুলেছেন ফাইনালে। এবার তাঁর সামনে সুযোগ রয়েছে আর্জেন্টিনাকে আরও একটি বিশ্বকাপ শিরোপা এনে দেওয়ার।