প্রকাশিত: ০১ আগষ্ট ২০২৬ , ১২:০৮ পিএম
অনলাইন সংস্করণ
বিশ্বকাপের ফাইনাল হার পেছনে ফেলে আবারও ক্লাব ফুটবলে ফিরতে যাচ্ছেন লিওনেল মেসি। দীর্ঘ বিরতির পর মেজর লিগ সকারে (এমএলএস) আগামীকাল ভোরে কলম্বাস ক্রুর বিপক্ষে মাঠে নামবে ইন্টার মায়ামি। সেই ম্যাচে আর্জেন্টাইন অধিনায়কের একাদশে থাকার সম্ভাবনাই বেশি।
টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখেছিল আর্জেন্টিনা। তবে ফাইনালে স্পেনের কাছে হেরে সেই আশা ভেঙে যায়। হতাশাজনক সমাপ্তির পর কয়েক দিন পরিবারের সঙ্গে সময় কাটিয়ে এবার আবার অনুশীলনে ফিরেছেন মেসি।
ইন্টার মায়ামির অনুশীলনে মেসির সঙ্গে যোগ দিয়েছেন আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো দি পলও। বিশ্বকাপ-পরবর্তী বিরতির পর এটিই ছিল তাদের প্রথম অনুশীলন। প্রধান কোচ গিয়েরমো হোয়োস জানিয়েছেন, দুজনকেই কলম্বাস ক্রুর বিপক্ষে ম্যাচের দলে রাখা হয়েছে।
মেসির প্রত্যাবর্তন নিয়ে হোয়োস বলেন, "মেসি দলের সঙ্গে যোগ দিয়েছে। এখনো ওর সঙ্গে বিস্তারিত কথা বলার সুযোগ হয়নি। সে এবং দি পল ফিরে আসায় আমরা খুবই আনন্দিত।"
এমএলএসে দারুণ ছন্দে রয়েছে ইন্টার মায়ামি। ১১টি জয়, ৪টি ড্র ও ২টি হারে ৩৭ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের দ্বিতীয় স্থানে আছে দলটি। শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে তারা মাত্র দুই পয়েন্ট পিছিয়ে। কলম্বাসের বিপক্ষে জিতলে টানা সপ্তম জয় তুলে নেওয়ার সুযোগ থাকবে ফ্লোরিডার ক্লাবটির।
এদিকে ঘরের মাঠে প্রথমবার খেলতে প্রস্তুত ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো। গত ২৬ জুলাই মন্ট্রিয়লের বিপক্ষে ১-০ গোলের জয়ে ইন্টার মায়ামির জার্সিতে অভিষেক হয়েছিল তার। ওই ম্যাচে জয়সূচক গোল করেছিলেন লুইস সুয়ারেজ।
বিশ্বকাপ বিরতির পর দুর্দান্ত ছন্দে রয়েছেন সুয়ারেজও। শেষ দুই ম্যাচে তিন গোল করা এই উরুগুইয়ান ফরোয়ার্ড ইন্টার মায়ামির হয়ে সর্বশেষ তিন ম্যাচে মোট ছয়টি গোল করেছেন। মেসির ফেরার সঙ্গে তার এই গোলের ধারাও কলম্বাসের বিপক্ষে মায়ামির আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিচ্ছে।