প্রকাশিত: ২৪ জুলাই ২০২৬ , ১০:২৪ এ এম
অনলাইন সংস্করণ
বাংলাদেশের চলচ্চিত্রের জন্য নতুন এক মাইলফলক গড়তে যাচ্ছে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৮৩তম আসরের অরিজোন্তি (Orizzonti) প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে সিনেমাটি। এর মাধ্যমে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ভেনিস উৎসবের প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হলো।
আগামী ২ সেপ্টেম্বর শুরু হবে বিশ্বের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ এই চলচ্চিত্র উৎসব। সেখানে আন্তর্জাতিক চলচ্চিত্রের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।
নির্মাতা রুবাইয়াত হোসেন জানান, এই সিনেমার যাত্রা শুরু হয়েছিল প্রায় দুই দশক আগে। ২০০৬ সালে তিনি গল্পটি নিয়ে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করেছিলেন। পরে সেটিকে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে রূপ দেওয়ার সিদ্ধান্ত নেন। চিত্রনাট্য নিয়ে তিনি বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেন এবং একাধিক আন্তর্জাতিক ফান্ডের সহায়তাও পান।
ভেনিস চলচ্চিত্র উৎসবে সিনেমাটি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে রুবাইয়াত বলেন, দেশের সিনেমাকে এমন একটি আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরতে পারা তাঁর জন্য অত্যন্ত সম্মানের। দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হওয়ায় তিনি আনন্দিত এবং বাংলাদেশের চলচ্চিত্রকে আরও বড় পরিসরে দেখতে চান।
সিনেমার গল্প আবর্তিত হয়েছে এক তরুণীকে ঘিরে, যার স্বপ্ন রূপকথার মতো জাঁকজমকপূর্ণ বিয়ের আয়োজন। কিন্তু সে ভুগছে একটি জটিল শারীরিক সমস্যায়। সুস্থ হওয়ার জন্য বিভিন্ন ঘরোয়া পদ্ধতি অনুসরণ করেও কোনো সমাধান না পাওয়ায় তার মানসিক অস্থিরতা বাড়তে থাকে। একসময় একটি বিউটি পারলারে গিয়ে সে কল্পনায় লম্বা চুলের এক রহস্যময় নারীর উপস্থিতি অনুভব করতে শুরু করে। এরপর গল্পটি ভিন্ন এক মাত্রা পায়।
সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জাইনীন করিম। এটি তাঁর প্রথম চলচ্চিত্র। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তিন অভিনেত্রী আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু এবং সুনেরাহ বিনতে কামাল। আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম ও মোহাম্মদ বারী।
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর নির্মাণেও রয়েছে আন্তর্জাতিক সহযোগিতা। সিনেমাটির চিত্রগ্রহণ করেছেন পর্তুগিজ নির্মাতা লিওনর টেলস। প্রযোজনায় রুবাইয়াত হোসেনের সঙ্গে যুক্ত হয়েছেন ফ্রান্সের ফ্রাঁসোয়া ডি’আর্টেমারে, জার্মানির আন্না ক্যাচকো, পর্তুগালের পেড্রো বোর্গস এবং নরওয়ের ইনগার্ড লিল হটন।
উল্লেখ্য, এর আগে ২০১০ সালে ইশতিয়াক জিকোর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘৭২০ ডিগ্রিজ’ ভেনিস চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছিল। তবে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার গৌরব এবার প্রথমবারের মতো অর্জন করল ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।