খেলাধুলা ডেস্ক

প্রকাশিত: ২৯ জুন ২০২৬ , ০৮:৩২ এ এম

অনলাইন সংস্করণ

ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে চায় জাপান

বিশ্বকাপের নকআউট পর্বে এবার সবচেয়ে কঠিন পরীক্ষার সামনে জাপান। প্রতিপক্ষ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে শক্তিশালী প্রতিপক্ষকে নিয়ে ভয় নয়, বরং আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামছে সামুরাই ব্লু। কোচ হাজিমে মোরিয়াসুর বিশ্বাস, নিজেদের সেরা খেলাটা খেলতে পারলে ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়া সম্ভব।

এই আত্মবিশ্বাসের পেছনে রয়েছে গত বছরের স্মৃতি। ২০২৫ সালের অক্টোবরে একটি প্রীতি ম্যাচে প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে থেকেও দারুণ প্রত্যাবর্তন করে ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়েছিল জাপান। সেটিই ছিল ব্রাজিলের বিপক্ষে জাপানের ইতিহাসের প্রথম জয়। আট মাস পর আবারও মুখোমুখি হচ্ছে দুই দল, আর সেই সাফল্যই জাপানকে বাড়তি অনুপ্রেরণা জোগাচ্ছে।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে মোরিয়াসু বলেন,

‘আমরা ব্রাজিলকে যথাযথ সম্মান করি, কিন্তু ভয় পাই না। আমরা জানি, তাদের হারানোর সামর্থ্য আমাদের আছে। গতবারের জয় আমাদের আত্মবিশ্বাস দিয়েছে, যদিও এখন দুই দলের পরিস্থিতি আগের মতো নেই।’

তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে বড় ধাক্কা খাচ্ছে জাপান। হাঁটুর চোট কাটিয়ে এখনও পুরোপুরি সুস্থ হতে পারেননি দলের অন্যতম সেরা তারকা তাকেফুসা কুবো। বিশ্বকাপের প্রথম ম্যাচে চোট পাওয়ার পর থেকে মাঠের বাইরে রয়েছেন তিনি। সম্প্রতি বল নিয়ে অনুশীলনে ফিরলেও ম্যাচ খেলার মতো ফিট নন বলে নিশ্চিত করেছেন কোচ।

মোরিয়াসু বলেন,

‘কুবো কিছু ব্যক্তিগত অনুশীলন করেছে, কিন্তু ম্যাচ খেলার মতো প্রস্তুত নয়। আমরা চাই সে পুরোপুরি সুস্থ হয়ে ফিরুক।’

জাপানের আরেকটি দুশ্চিন্তার নাম অধিনায়ক ও অভিজ্ঞ ডিফেন্ডার কো ইতাকুরা। সুইডেনের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে উরুতে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন তিনি। গুরুতর কোনো চোট না থাকলেও সতর্কতার অংশ হিসেবে ম্যাচের আগের অনুশীলনে বিশ্রাম দেওয়া হয়েছে তাকে। ফলে ব্রাজিলের বিপক্ষে তার খেলা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।

দুই গুরুত্বপূর্ণ ফুটবলারকে না পেলেও আত্মবিশ্বাস হারাচ্ছে না জাপান। কোচের মতে, বিশ্বকাপের আসল লড়াই শুরু হচ্ছে এখনই এবং এই মঞ্চে নিজেদের উন্নতির প্রমাণ দিতে চায় তার দল।

তিনি বলেন,

‘ব্রাজিল বিশ্বের অন্যতম সেরা দল। তাদের বিপক্ষে জিততে হলে আমাদের সেরা ফুটবল খেলতে হবে। আমরা মাঠে দেখাতে চাই, এই দল কতটা এগিয়েছে।’

বিশ্বকাপে এটি জাপানের পঞ্চম নকআউট উপস্থিতি। কিন্তু আগের চারবারই প্রথম নকআউট ম্যাচে বিদায় নিতে হয়েছে তাদের। তাই এবার ব্রাজিলকে হারাতে পারলে প্রথমবারের মতো শেষ ষোলো পেরিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেবে জাপান, যা হবে দেশটির ফুটবল ইতিহাসের নতুন মাইলফলক।

মোরিয়াসু আরও বলেন,

‘আমরা আমাদের ফুটবল দর্শন বদলাব না। এটাই আমাদের পরিচয়। শুধু ভালো খেলাই নয়, আমরা বিশ্বাস করি এই বিশ্বকাপে অনেক দূর যাওয়ার সামর্থ্য আমাদের আছে।’

কুবো না থাকলেও দাইচি কামাদা, আয়াসে উয়েদা, কাওরু মিতোমাসহ অভিজ্ঞ ও তরুণদের সমন্বয়ে গড়া দল নিয়েই ব্রাজিলকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত জাপান। তাদের বিশ্বাস, আরেকটি বড় অঘটন ঘটিয়ে বিশ্বকাপে নতুন ইতিহাস লেখার সুযোগ এবার হাতছাড়া করতে চায় না সামুরাই ব্লু।