খেলাধুলা ডেস্ক

প্রকাশিত: ০৭ জুলাই ২০২৬ , ০৮:১২ এ এম

অনলাইন সংস্করণ

ব্রাজিলকে খোঁচা দিয়ে আর্জেন্টাইন সমর্থকদের ‘এক মিনিট নীরবতা’

মিসরের বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আগে যুক্তরাষ্ট্রের আটলান্টায় উৎসবের আমেজ ছড়িয়ে দিয়েছেন আর্জেন্টিনার সমর্থকেরা। মায়ামির মতো বিপুল সংখ্যক সমর্থক না থাকলেও গান, স্লোগান আর পতাকার রঙে মুখর হয়ে ওঠে শহরের পিডমন্ট পার্ক।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, সোমবার বিকেলে পিডমন্ট পার্কের অ্যাকটিভ ওভালে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী ফ্যান র‍্যালিতে প্রায় তিন হাজার সমর্থক অংশ নেন। ম্যাচের আগের দিন দলকে উৎসাহ দিতে এমন সমাবেশ আর্জেন্টাইন সমর্থকদের দীর্ঘদিনের এক পরিচিত সংস্কৃতি। সেখানে একসঙ্গে গান গেয়ে, স্লোগান তুলে এবং নাচে-গানে প্রিয় দলের প্রতি সমর্থন জানান তারা।

উৎসবের আবহে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকেও খোঁচা দিতে ভোলেননি আলবিসেলেস্তে সমর্থকেরা। শেষ ষোলো থেকে বিদায় নেওয়া ব্রাজিলকে উদ্দেশ করে তারা গেয়ে ওঠেন, ‘এক মিনিট নীরবতা…’। একই সঙ্গে সম্ভাব্য সেমিফাইনাল প্রতিপক্ষ ইংল্যান্ডকেও উদ্দেশ করে শোনা যায় কটাক্ষের সুর। সমর্থকদের কণ্ঠে ধ্বনিত হয়, ‘তোমাদের কতটা তিক্ত লাগছে, আমরা আরও কাছে চলে আসছি, আবার দেখা হবে।’

তবে মায়ামির তুলনায় আটলান্টায় সমর্থকের উপস্থিতি তুলনামূলক কম। এর পেছনে বড় কারণ হিসেবে ভৌগোলিক দূরত্ব ও ভ্রমণ ব্যয়ের কথা উল্লেখ করেছে টিওয়াইসি স্পোর্টস। মায়ামিতে প্রায় ৫০ হাজার আর্জেন্টাইন বসবাস করলেও আটলান্টায় সেই সংখ্যা অনেক কম। পাশাপাশি বুয়েনস এইরেস থেকে আটলান্টার ফ্লাইটও ছিল সীমিত এবং তুলনামূলক ব্যয়বহুল।

এর আগে কানসাস সিটি, ডালাস ও মায়ামিতে দলের খেলা দেখতে যাওয়া অনেক সমর্থকের জন্য নতুন করে আটলান্টায় যাওয়া কঠিন হয়ে পড়ে। কেপ ভার্দের বিপক্ষে জয়ের পরপরই বিমানের টিকিটের দাম দ্রুত বেড়ে যায়। যে টিকিটের মূল্য ছিল প্রায় ৪০০ ডলার, কয়েক মিনিটের মধ্যেই তা প্রায় দ্বিগুণ হয়ে যায়। এর সঙ্গে ম্যাচের টিকিট, আবাসন ও অন্যান্য খরচ যোগ হওয়ায় অনেকেই বিমান ভ্রমণের পরিকল্পনা বাদ দেন।

বিকল্প হিসেবে অনেক সমর্থক বেছে নেন সড়কপথ। কয়েকজন মিলে গাড়ি ভাড়া করে প্রায় ১০ ঘণ্টার পথ পাড়ি দিয়ে মায়ামি থেকে আটলান্টায় পৌঁছেছেন, শুধু প্রিয় দলের কোয়ার্টার ফাইনালের ম্যাচটি মাঠে বসে দেখার জন্য।

অবশ্য সমর্থক কম হওয়ায় টিকিটের দামেও এসেছে কিছুটা স্বস্তি। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে সবচেয়ে সস্তা ক্যাটাগরি-৩ টিকিটের দাম ছিল প্রায় ২ হাজার ৫০০ ডলার। আটলান্টায় মিসরের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের টিকিট মিলছে প্রায় অর্ধেক দামে। ফিফার অফিসিয়াল রিসেল প্ল্যাটফর্মসহ বিভিন্ন মাধ্যমেও এখনও টিকিট পাওয়া যাচ্ছে।