খেলাধুলা ডেস্ক

প্রকাশিত: ২১ জুলাই ২০২৬ , ০১:৫৫ পিএম

অনলাইন সংস্করণ

বিশ্বকাপ জয় উদযাপনে মাদ্রিদে স্পেনের মহোৎসব

২০২৬ ফুটবল বিশ্বকাপ জয়ের পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন দলকে রাজকীয় সংবর্ধনা দিয়েছে দেশটি। রাজধানী মাদ্রিদে রাজপরিবারের অভ্যর্থনা থেকে শুরু করে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা এবং লাখো সমর্থকের উপস্থিতিতে বর্ণাঢ্য চ্যাম্পিয়ন প্যারেডে অংশ নেন লামিন ইয়ামাল, রদ্রি, ফেরান তোরেসসহ স্পেনের বিশ্বজয়ী ফুটবলাররা।

সোমবার দুপুরে মাদ্রিদে পৌঁছানোর পরই শুরু হয় বিশ্বচ্যাম্পিয়নদের বরণ করে নেওয়ার আনুষ্ঠানিকতা। দলের প্রথম গন্তব্য ছিল সারসুয়েলা প্রাসাদ। সেখানে স্পেনের রাজা ফেলিপে ষষ্ঠ, রানি লেতিসিয়া ও রাজপরিবারের অন্য সদস্যরা খেলোয়াড় ও কোচিং স্টাফদের স্বাগত জানান।

এ সময় রাজা ফেলিপে ষষ্ঠ বলেন, ‘এই শিরোপা শুধু একটি দলের অর্জন নয়, এটি সমগ্র স্পেনের গর্ব। তোমরা দেশের মানুষকে আনন্দ ও গৌরবের এক অবিস্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছ।’

রাজপ্রাসাদে সংবর্ধনা শেষে স্পেন দল যায় মোনক্লোয়া প্রাসাদে। সেখানে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বিশ্বকাপ জয় উপলক্ষে খেলোয়াড় ও কোচিং স্টাফদের অভিনন্দন জানান। তিনি বলেন, এই অর্জন আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

আনুষ্ঠানিক সংবর্ধনা শেষে সন্ধ্যায় শুরু হয় বহুল প্রতীক্ষিত চ্যাম্পিয়ন প্যারেড। ছাদখোলা বাসে করে রাজধানীর প্রধান সড়ক প্রদক্ষিণ করেন কোচ লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। রাস্তার দুই পাশে অবস্থান নেওয়া হাজারো সমর্থক করতালি, গান, পতাকা ও স্লোগানে বিশ্বচ্যাম্পিয়নদের শুভেচ্ছা জানান। উৎসবের আবহে মুখর হয়ে ওঠে পুরো মাদ্রিদ।

চ্যাম্পিয়ন প্যারেডের শেষ গন্তব্য ছিল রাজধানীর ঐতিহাসিক সিবেলেস স্কোয়ার। আয়োজকদের তথ্যমতে, সেখানে প্রায় ২০ লাখ সমর্থক জড়ো হয়েছিলেন। আলোকসজ্জা, সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনায় উৎসবমুখর হয়ে ওঠে পুরো এলাকা। মঞ্চে উঠে খেলোয়াড়রাও সমর্থকদের সঙ্গে বিশ্বকাপ জয়ের আনন্দ ভাগ করে নেন।

উৎসবের মঞ্চে আবেগঘন প্রতিক্রিয়া জানান প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। তিনি বলেন, ‘এই দলের কোচ হওয়া আমার জীবনের সবচেয়ে বড় গর্ব। দুই বছর আগে আমি বলেছিলাম, আমরা যদি একসঙ্গে থাকি, তাহলে আমাদের চেয়ে শক্তিশালী আর কেউ হবে না। আজ সেই বিশ্বাসই সত্যে পরিণত হয়েছে।’

মাদ্রিদের এই বর্ণাঢ্য আয়োজনেই শেষ হচ্ছে না স্পেনের বিশ্বকাপ উদযাপন। আগামী কয়েক দিনে দেশটির বিভিন্ন শহরে বিশ্বচ্যাম্পিয়নদের সম্মানে সংবর্ধনা ও বিজয় উৎসবের আয়োজন করা হয়েছে। বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশের নানা প্রান্তের সমর্থকদের সঙ্গে আনন্দ ভাগ করে নেবেন ইয়ামাল-রদ্রিরা।