প্রকাশিত: ১২ জুলাই ২০২৬ , ০৬:৪০ এ এম

অনলাইন সংস্করণ

বিশ্বকাপের শেষ চারে কে কার মুখোমুখি

২০২৬ ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালের চার দল চূড়ান্ত হয়েছে। কোয়ার্টার ফাইনালের সব ম্যাচ শেষ হওয়ার পর শিরোপার দৌড়ে টিকে আছে স্পেন, ফ্রান্স, আর্জেন্টিনা ও ইংল্যান্ড। এবার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে ইউরোপের দুই পরাশক্তি স্পেন ও ফ্রান্স। অন্য সেমিফাইনালে হবে বহুল প্রতীক্ষিত আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথ।

প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় ১৪ জুলাই দিবাগত রাত ১টায়। ডালাসে মুখোমুখি হবে স্পেন ও ফ্রান্স। শেষ আটের লড়াইয়ে ফ্রান্স ২-০ গোলে মরক্কোকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে। একই ব্যবধানে বেলজিয়ামকে পরাজিত করে শেষ চারে জায়গা করে নেয় স্পেন।

দ্বিতীয় সেমিফাইনাল মাঠে গড়াবে ১৫ জুলাই দিবাগত রাত ১টায় আটলান্টায়। সেখানে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ড। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড নরওয়েকে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে। অন্যদিকে সুইজারল্যান্ডের বিপক্ষে ১২০ মিনিটের লড়াই শেষে ৩-১ গোলের জয় তুলে নিয়ে সেমিফাইনালে ওঠে লিওনেল মেসির আর্জেন্টিনা।

এবারের দুই সেমিফাইনালের বিজয়ীরা ১৯ জুলাই মায়ামিতে অনুষ্ঠিত ফাইনালে শিরোপার জন্য মুখোমুখি হবে। ফলে বিশ্ব ফুটবলের দুই ঐতিহ্যবাহী লড়াই স্পেন-ফ্রান্স ও আর্জেন্টিনা-ইংল্যান্ডকে ঘিরে সমর্থকদের অপেক্ষা এখন তুঙ্গে।