এখন সময় ডেস্ক

প্রকাশিত: ০৭ জুলাই ২০২৬ , ০৮:১০ এ এম

অনলাইন সংস্করণ

বাংলাদেশের ‘দেলুপি’র আন্তর্জাতিক যাত্রায় যুক্ত হলেন অনুরাগ কশ্যপ

বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্রে নতুন এক আন্তর্জাতিক স্বীকৃতি যোগ হলো। নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলামের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দেলুপি’-এর সঙ্গে যুক্ত হয়েছেন ভারতের খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা অনুরাগ কশ্যপ। এর ফলে আন্তর্জাতিক অঙ্গনে ছবিটি এখন থেকে ‘অনুরাগ কশ্যপ নিবেদিত দেলুপি’’ শিরোনামে উপস্থাপিত হবে।

গত বছর মুক্তির পর থেকেই দেশ-বিদেশে প্রশংসিত হয় ‘দেলুপি’। বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হওয়া এই সিনেমাটি দেখার পর অনুরাগ কশ্যপ এর গল্প, নির্মাণশৈলী ও ভিজ্যুয়াল ভাষায় মুগ্ধ হন। এরপরই তিনি ছবিটির আন্তর্জাতিক যাত্রার অংশ হওয়ার সিদ্ধান্ত নেন।

পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলাম বলেন, অনুরাগ কশ্যপের মতো আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন নির্মাতার সম্পৃক্ততা শুধু ‘দেলুপি’র জন্য নয়, বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্রের জন্যও একটি বড় অর্জন। তাঁর ভাষায়, এটি দেশের সিনেমাকে বিশ্বদরবারে আরও শক্ত অবস্থান তৈরি করতে সহায়তা করবে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক নির্মাতাদের সঙ্গে নতুন সহযোগিতার পথ খুলে দিতে পারে।

চলচ্চিত্রপ্রেমীদের জনপ্রিয় প্ল্যাটফর্ম লেটারবক্সডে ‘দেলুপি’ নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন অনুরাগ কশ্যপ। তিনি লিখেছেন, ক্ষমতার রাজনীতি কীভাবে সমাজের ক্ষুদ্রতম স্তরেও প্রভাব ফেলে, সেই বাস্তবতাই উঠে এসেছে ‘দেলুপি’ গ্রামের গল্পে। শাসনব্যবস্থা পরিবর্তনের পর বন্যায় দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া একটি গ্রামের মানুষের জীবনসংগ্রামকে অত্যন্ত মানবিকভাবে তুলে ধরা হয়েছে ছবিতে। তাঁর মতে, সিনেমাটি এমন এক অনুভূতি তৈরি করে, যেন এটি দর্শকের নিজের পরিচিত কোনো গ্রামের গল্প।

২০২৫ সালের ৭ নভেম্বর মুক্তি পাওয়া ‘দেলুপি’ নির্মিত হয়েছে খুলনার দক্ষিণাঞ্চলের বাস্তব জীবনকে কেন্দ্র করে। নদীভাঙন, জলবায়ু পরিবর্তনের প্রভাব, স্থানীয় রাজনীতিতে জাতীয় রাজনীতির ছায়া এবং প্রান্তিক মানুষের প্রতিদিনের সংগ্রাম সিনেমাটির মূল উপজীব্য।

ফুটপ্রিন্ট প্রোডাকশনসের ব্যানারে নির্মিত ‘দেলুপি’ ইতোমধ্যে রটারডামসহ একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। সংশ্লিষ্টদের বিশ্বাস, অনুরাগ কশ্যপের সম্পৃক্ততার মাধ্যমে ছবিটির আন্তর্জাতিক প্রদর্শনী, পরিবেশনা ও দর্শকপ্রাপ্তির পরিধি আরও বিস্তৃত হবে।