খেলাধুলা ডেস্ক

প্রকাশিত: ২১ জুলাই ২০২৬ , ০২:০২ পিএম

অনলাইন সংস্করণ

বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার

অস্ট্রেলিয়ার মাটিতে দীর্ঘ ২৩ বছর পর টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। সেই প্রত্যাবর্তনের সিরিজকে সামনে রেখে কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষায় না গিয়ে পূর্ণশক্তির দল ঘোষণা করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। দুই ম্যাচের এই টেস্ট সিরিজকে তারা দেখছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ লড়াই হিসেবে।

১৩ সদস্যের ঘোষিত দলে ফিরেছেন অধিনায়ক প্যাট কামিন্স, অভিজ্ঞ পেসার জশ হ্যাজলউড এবং তারকা অফ-স্পিনার নাথান লায়ন। চোট কাটিয়ে এই তিন ক্রিকেটারের প্রত্যাবর্তনে অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণ আরও শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ হয়েছে। ক্রিকেট বিশ্লেষকদের মতে, ঘরের মাঠের সুবিধাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে চাপে রাখার পরিকল্পনাই স্পষ্ট করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

পিঠের চোট থেকে সেরে ওঠা কামিন্স আবারও নেতৃত্ব দেবেন দলকে। অন্যদিকে দীর্ঘদিন পর লায়নের ফেরায় স্পিন বিভাগ যেমন শক্তিশালী হয়েছে, তেমনি হ্যাজলউডের উপস্থিতি পেস আক্রমণে যোগ করেছে বাড়তি ধার। যদিও মূল দলে জায়গা হয়নি পেসার মাইকেল নেসারের। তাকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে।

আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ২২ আগস্ট ম্যাকাইয়ে। দুটি ম্যাচই আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় সিরিজটির গুরুত্ব দুই দলের কাছেই অনেক বেশি।

অস্ট্রেলিয়ার জন্য এটি ঘরের মাঠে গুরুত্বপূর্ণ পয়েন্ট সংগ্রহের সুযোগ হলেও বাংলাদেশের সামনে রয়েছে নিজেদের সামর্থ্য প্রমাণের বড় মঞ্চ। সাম্প্রতিক সময়ে বিদেশের মাটিতে উন্নতির ধারাবাহিকতা ধরে রেখে নতুন ইতিহাস গড়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে টাইগাররা।

অস্ট্রেলিয়ার ১৩ সদস্যের টেস্ট স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), ট্রাভিস হেড, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন, জ্যাক ওয়েদারল্ড, ক্যামেরন গ্রিন, বো ওয়েবস্টার, অ্যালেক্স কেয়ারি (উইকেটরক্ষক), জশ ইংলিস (উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, স্কট বোল্যান্ড ও নাথান লায়ন।