প্রকাশিত: ২৩ আগষ্ট ২০২৬ , ০৫:৫৮ এ এম
অনলাইন সংস্করণ
মাঠের উত্তেজনা ম্যাচ শেষ হওয়ার পরও গড়াল শাস্তি পর্যন্ত। বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার কুইন সুলিভানের ঘাড়ের পেছনে হাত দিয়ে আঘাত করার ঘটনায় লিওনেল মেসিকে জরিমানা করেছে মেজর লিগ সকার (এমএলএস)। তবে জরিমানার অর্থের পরিমাণ প্রকাশ করা হয়নি।
বুধবার ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচের দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। কুইন সুলিভানের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে তার ঘাড়ের পেছনে হাত দিয়ে আঘাত করেন মেসি। এরপর দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা আরও ছড়িয়ে পড়ে।
এমএলএস জানিয়েছে, প্রতিপক্ষের মাথা ও ঘাড়ের এলাকায় হাত দিয়ে স্পর্শ করার ঘটনায় মেসি এবং তার সতীর্থ ইয়ান ফ্রেকে জরিমানা করা হয়েছে। তবে দুজনের শাস্তির আর্থিক অঙ্ক জানানো হয়নি।
একই ম্যাচে আলোচনায় ছিলেন সুলিভান পরিবারের আরেক সদস্য কাভান সুলিভান। ম্যাচের শেষ দিকে ধাক্কাধাক্কিতে জড়িয়ে ১৬ বছর বয়সী এই বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার লাল কার্ড দেখেন। তাকে এক ম্যাচের নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছিল। পরে এমএলএসের স্বাধীন পর্যালোচনা প্যানেল সর্বসম্মতভাবে লাল কার্ড ও নিষেধাজ্ঞা বাতিল করে।
ম্যাচে অবশ্য মেসির পারফরম্যান্স ছিল উজ্জ্বল। বাবার মৃত্যুর পর প্রথম গোল করার পাশাপাশি সতীর্থের একটি গোলে সহায়তাও করেন আর্জেন্টাইন তারকা। তবে কুইন সুলিভানের সঙ্গে উত্তপ্ত ঘটনার জেরে ম্যাচের পর জরিমানার মুখে পড়তে হলো তাকে।