এখন সময় ডেস্ক

প্রকাশিত: ০২ আগষ্ট ২০২৬ , ০৮:৪৫ এ এম

অনলাইন সংস্করণ

বাংলাদেশকে হারাল দক্ষিণ আফ্রিকা ইমার্জিং

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ত্রিদলীয় ইমার্জিং ওয়ানডে সিরিজের শুরুটা হতাশাজনক হয়েছে বাংলাদেশের জন্য। প্রিটোরিয়ায় নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। মাত্র ৯১ রানের লক্ষ্য তাড়া করে স্বাগতিকরা ১৮.৪ ওভারেই জয় নিশ্চিত করে, হাতে ছিল ৩১.২ ওভার।

টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ ইমার্জিং দল। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে পুরো দল গুটিয়ে যায় মাত্র ৯০ রানে। ইনিংসে একমাত্র লড়াই করেন ওপেনার মাহফিজুল ইসলাম। ৭৩ বলে ৫টি চারের সাহায্যে তিনি করেন ৪০ রান। দলের বাকি ব্যাটাররা তার সঙ্গে তাল মেলাতে পারেননি।

মাহফিজুল ছাড়া কেবল আমিনুল ইসলাম (১১) ও সামিউন বশির (১০) দুই অঙ্কের ঘরে পৌঁছান। অন্যদিকে মাহিদুল ইসলাম অঙ্কন ২৮ বল মোকাবিলা করেও করতে পারেন মাত্র ২ রান। ফলে প্রতিপক্ষের সামনে লড়াই করার মতো কোনো সংগ্রহ গড়তে ব্যর্থ হয় বাংলাদেশ।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে কিছুটা চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। ৩৭ রানের মধ্যেই হারায় ৩ উইকেট। তবে এরপর আর কোনো বিপদ ঘটতে দেয়নি স্বাগতিকরা। রিচার্ড সেলেতওয়ানে ৪০ বলে অপরাজিত ৩৫ রান করে দলের জয় নিশ্চিত করেন। তাকে দারুণ সঙ্গ দেন মিচেল ফন ভুরেন, যিনি অপরাজিত থাকেন ২২ রানে।

বাংলাদেশের হয়ে রিজওয়ান নেন ২ উইকেট। তবে ব্যাটারদের ব্যর্থতায় সেই সাফল্যও কোনো কাজে আসেনি। প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরে ত্রিদলীয় সিরিজে হতাশাজনক সূচনা করল বাংলাদেশ ইমার্জিং দল।