এখন সময় ডেস্ক

প্রকাশিত: ০২ আগষ্ট ২০২৬ , ০৮:৪৩ এ এম

অনলাইন সংস্করণ

ফিফায় ইনফান্তিনোর নেতৃত্বে আস্থা নেই উয়েফার

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির বিতর্কিত পরিকল্পনা বাতিল করেও সমালোচনার মুখ থেকে বের হতে পারছে না ফিফা। বরং সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্ব ও স্বচ্ছতা নিয়ে প্রকাশ্যেই প্রশ্ন তুলেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। তাদের দাবি, বর্তমান নেতৃত্বের প্রতি শুধু উয়েফাই নয়, বিশ্ব ফুটবলের আরও অনেক অংশীদার আস্থা হারিয়েছে।

বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন টুর্নামেন্ট পরিচালনার জন্য গঠিত হতে যাওয়া একটি নতুন প্রতিষ্ঠানের প্রায় ২০ শতাংশ অংশীদারিত্ব বাইরের বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে প্রায় ৪.২ বিলিয়ন ডলার তহবিল সংগ্রহের পরিকল্পনা করেছিল ফিফা। গত মঙ্গলবার এই প্রস্তাব প্রকাশের পরপরই তীব্র বিরোধিতা শুরু হয়।

উয়েফা অভিযোগ তোলে, এই উদ্যোগের মাধ্যমে ফুটবলের ঐতিহ্য ও মূল্যবোধকে বাণিজ্যিক স্বার্থের কাছে বিকিয়ে দেওয়া হচ্ছে। তারা এমনকি বিশ্বকাপসহ ফিফার প্রতিযোগিতা বর্জনের হুঁশিয়ারিও দেয়। উয়েফার পাশাপাশি উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের ফুটবল সংস্থা কনক্যাকাফ এবং এশিয়ান ফুটবল কনফেডারেশনও (এএফসি) পরিকল্পনার বিরোধিতা করে। এ বিতর্কের জেরে ইনফান্তিনোর জ্যেষ্ঠ উপদেষ্টা কার্লোস করডেরো পদত্যাগ করেন।

প্রবল চাপের মুখে শুক্রবার শেষ পর্যন্ত পরিকল্পনা থেকে সরে আসে ফিফা। এক বিবৃতিতে ইনফান্তিনো বলেন, সংশ্লিষ্ট সব পক্ষের মতামত বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরিকল্পনা বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে উয়েফা। শনিবার দেওয়া এক দীর্ঘ বিবৃতিতে তারা এটিকে "পুরো ফুটবলের জয়" বলে উল্লেখ করে। তবে একই সঙ্গে সংস্থাটি স্পষ্ট করে জানায়, শুধু পরিকল্পনা প্রত্যাহার করলেই ফিফার প্রতি হারানো আস্থা ফিরে আসবে না।

উয়েফা আরও অভিযোগ করেছে, ২০১৬ সালে ফিফা সভাপতি নির্বাচনের আগে ইনফান্তিনো স্বচ্ছতা ও জবাবদিহিতার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা তিনি রক্ষা করতে পারেননি। সে সময় তিনি বলেছিলেন, ফিফার অর্থ সদস্য দেশগুলোর এবং সেই অর্থ শুধুমাত্র ফুটবলের উন্নয়নে ব্যয় হবে। কিন্তু উয়েফার ভাষ্য, সাম্প্রতিক এই গোপন ও অস্বচ্ছ বিনিয়োগ পরিকল্পনা সেই প্রতিশ্রুতির সম্পূর্ণ পরিপন্থী।

এর আগে সদস্য দেশগুলোর উদ্দেশে পাঠানো এক চিঠিতে এএফসি সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল-খালিফাও প্রস্তাবটি যেভাবে উপস্থাপন করা হয়েছিল, তাকে "সম্পূর্ণ অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেন।

উয়েফার মতে, এই বিতর্কে ফিফা পরিকল্পনা থেকে সরে এলেও সংকট শেষ হয়নি। সংস্থাটি বলছে, ফিফার প্রতি বিশ্ব ফুটবল পরিবারের যে আস্থার সংকট তৈরি হয়েছে, তা পুনর্গঠনের কাজ এখনই শুরু হলো।