খেলাধুলা ডেস্ক

প্রকাশিত: ০২ আগষ্ট ২০২৬ , ০৮:৪৩ এ এম

অনলাইন সংস্করণ

ফাইনালে ৮৫ রানে অলআউট হয়েও চ্যাম্পিয়ন, বিশ্বরেকর্ড গড়ল গায়ানা

গ্লোবাল সুপার লিগের ফাইনালে দেখা গেল টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম নাটকীয় ম্যাচ। মাত্র ৮৫ রানে অলআউট হওয়ার পরও শিরোপা জিতে ইতিহাস গড়েছে গায়ানা আমাজন ওয়ারিয়র্স। ৮৬ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে সান ফ্রান্সিসকো ইউনিকর্নস গুটিয়ে যায় ৭৯ রানে। ফলে ৬ রানের অবিশ্বাস্য জয়ে চ্যাম্পিয়ন হয় গায়ানা।

প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে গায়ানা। ইনিংসের নবম ওভারের আগেই ২৯ রানে হারায় ৮ উইকেট। জনসন চার্লস, শিমরন হেটমায়ার, রহমানউল্লাহ গুরবাজ, মোহাম্মদ নবিসহ অভিজ্ঞ ব্যাটাররা দ্রুত ফিরে যাওয়ায় বড় ধস নামে।

সান ফ্রান্সিসকোর হয়ে দুর্দান্ত বোলিং করেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ পেসার পিটার সিডল। চার ওভারে মাত্র ১৮ রান দিয়ে তিনটি উইকেট তুলে নিয়ে গায়ানার টপ অর্ডারকে গুঁড়িয়ে দেন তিনি। তার নিয়ন্ত্রিত বোলিংয়ে ম্যাচ একপেশে হয়ে যাবে বলেই মনে হচ্ছিল।

তবে শেষদিকে ডোয়েন প্রিটোরিয়াসের ১৭, ম্যাথিউ ফোর্ডের ২৮ এবং ইমরান তাহিরের ১১ রানে কোনোভাবে ৮৫ রানে পৌঁছায় গায়ানা।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে স্বস্তিতেই ছিল সান ফ্রান্সিসকো। তরুণ অস্ট্রেলিয়ান অলিভার পিকের ৩১ রানে তারা জয়ের দিকেই এগোচ্ছিল। একসময় ৩ উইকেটে ৫০ রান তুলে ম্যাচের নিয়ন্ত্রণও নিজেদের হাতে নিয়ে নেয় দলটি।

কিন্তু এরপরই বদলে যায় পুরো দৃশ্যপট। ৫৩ রান থেকে মাত্র ৫৮ রানের মধ্যে পাঁচটি উইকেট হারিয়ে ধসে পড়ে ইউনিকর্নস। গায়ানার হয়ে মোহাম্মদ নবী নেন তিনটি এবং ইমরান তাহির দুটি গুরুত্বপূর্ণ উইকেট।

শেষদিকে পিটার সিডল অপরাজিত ১৩ রান করে লড়াই চালিয়ে গেলেও অন্য প্রান্ত থেকে কোনো সমর্থন পাননি। শেষ পর্যন্ত ৭৯ রানেই থেমে যায় সান ফ্রান্সিসকোর ইনিংস, আর ৬ রানের রুদ্ধশ্বাস জয় নিয়ে শিরোপা উৎসবে মাতে গায়ানা।

এই জয়ের মধ্য দিয়ে টি-টোয়েন্টি ইতিহাসে অনন্য এক রেকর্ড গড়েছে গায়ানা আমাজন ওয়ারিয়র্স। কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে ১০০ রানের নিচে অলআউট হওয়ার পরও এর আগে কোনো দল শিরোপা জিততে পারেনি। পাশাপাশি, যে কোনো স্বীকৃত টি-টোয়েন্টি ফাইনালে আগে ব্যাট করে সর্বনিম্ন রান করেও জয়ের নতুন রেকর্ড এখন গায়ানার দখলে। এর আগে ২০২০ সালের বিগ ব্যাশ ফাইনালে ১১৬ রান করে জিতে এই রেকর্ড গড়েছিল সিডনি সিক্সার্স।