এখন সময় ডেস্ক

প্রকাশিত: ১৮ জুলাই ২০২৬ , ০৮:৩৬ এ এম

অনলাইন সংস্করণ

প্রথমবার ‘মিস ওয়ার্ল্ড’-এ পাকিস্তান, লড়বেন আনিকা

দীর্ঘ ৭৫ বছরের ইতিহাসে এবারই প্রথম ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে পাকিস্তান। আন্তর্জাতিক এই সুন্দরী প্রতিযোগিতার ৭৫তম আসরে দেশটির প্রতিনিধিত্ব করবেন ২৪ বছর বয়সী আনিকা মেরাজ। বৃহস্পতিবার তাকে আনুষ্ঠানিকভাবে ‘মিস ওয়ার্ল্ড পাকিস্তান’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের তথ্য অনুযায়ী, লাহোরের ফালেট্টিস হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে আনিকার মাথায় মুকুট পরিয়ে দেন ‘মিস পাকিস্তান ইউনিভার্সাল ২০২২’ ড. শাফাক আখতার এবং ‘মিস্টার পাকিস্তান ওয়ার্ল্ড’ আত্তাউল্লাহ গুজ্জর।

ব্যবসা ও অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করা আনিকা বর্তমানে অডিটিং ও অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করছেন। মিস ওয়ার্ল্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বক্তব্যে তিনি বলেন, তার স্বপ্ন একজন রাষ্ট্র স্বীকৃত পাবলিক অ্যাকাউন্ট্যান্ট হওয়া। পাশাপাশি শিশুদের অধিকার এবং মেয়েদের শিক্ষার প্রসারে কাজ করে পাকিস্তানের জন্য আরও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চান তিনি।

আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতার অঙ্গনে আনিকার অভিজ্ঞতাও কম নয়। এর আগে তিনি মিস আর্থ, মিস গ্লোবাল, মিস কসমো, মিস ইকো ইন্টারন্যাশনাল এবং মিস অরা ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়া কসোভোয় অনুষ্ঠিত ‘ফ্রিডম অব দ্য ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় চারটি শিরোপা অর্জন করেছেন তিনি।

আগামী ৯ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত ভিয়েতনামে অনুষ্ঠিত হবে ‘মিস ওয়ার্ল্ড’-এর ৭৫তম আসর। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সামানজার সাঈদ। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রথমবারের মতো পাকিস্তানের অংশগ্রহণ এবারের আসরে বিশেষ মাত্রা যোগ করবে।