প্রকাশিত: ০১ জুলাই ২০২৬ , ০৯:০৪ এ এম
অনলাইন সংস্করণ
যশরাজ ফিল্মসের বহুল আলোচিত ‘স্পাই ইউনিভার্স’-এর নতুন সিনেমা ‘আলফা’ মুক্তির আগেই নানা কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে। অ্যাকশননির্ভর এই ছবিতে প্রথমবারের মতো কেন্দ্রীয় স্পাই চরিত্রে অভিনয় করছেন আলিয়া ভাট। তবে সিনেমার গল্প বা অ্যাকশন নয়, এবার আলোচনায় এসেছে তার পারিশ্রমিক, যা বলিউডে নতুন এক রেকর্ডের ইঙ্গিত দিচ্ছে।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ‘আলফা’ ছবিতে অভিনয়ের জন্য আলিয়া ভাট প্রায় ২৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। এর মাধ্যমে পারিশ্রমিকের দিক থেকে তিনি বলিউডের শীর্ষ অভিনেত্রীদের মধ্যে অন্যতম দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফকে ছাড়িয়ে গেছেন বলে দাবি করা হচ্ছে।
একসময় বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের তালিকায় নিয়মিত ছিলেন দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ এবং প্রিয়াঙ্কা চোপড়া। বর্তমানে প্রিয়াঙ্কা চোপড়া হলিউডের বিভিন্ন প্রকল্প নিয়ে ব্যস্ত থাকায় হিন্দি সিনেমায় তার উপস্থিতি কমে গেছে। অন্যদিকে ক্যাটরিনা কাইফও সাম্প্রতিক সময়ে বড় পর্দায় নিয়মিত নন। বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ক্যাটরিনা প্রতি ছবিতে প্রায় ১৫ কোটি রুপি পারিশ্রমিক নিতেন। আর ‘কল্কি ২৮৯৮ এডি’-খ্যাত দীপিকা পাড়ুকোনের পারিশ্রমিক ছিল ২০ কোটির কিছু বেশি।
‘আলফা’ ছবিতে আলিয়ার বাবার চরিত্রে অভিনয় করেছেন ববি দেওল। ‘অ্যানিম্যাল’-এর সাফল্যের পর তার চাহিদা বেড়েছে বলিউডে। জানা গেছে, এই ছবিতে অভিনয়ের জন্য তিনি প্রায় ৬ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন।
এ ছাড়া গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রয়েছেন শর্বরী ওয়াঘ। যশরাজ ফিল্মসের ব্যানারে ক্যারিয়ার শুরু করা এই অভিনেত্রী ‘আলফা’র জন্য প্রায় ৩ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। একই অঙ্কের পারিশ্রমিক পেয়েছেন বর্ষীয়ান অভিনেতা অনিল কাপুরও।
যশরাজ ফিল্মসের জনপ্রিয় ‘স্পাই ইউনিভার্স’-এর পরিচিত চরিত্র ‘কবির’ হিসেবে বিশেষ উপস্থিতিতে দেখা যাবে হৃতিক রোশনকে। তবে এই ক্যামিও চরিত্রের জন্য তিনি কত পারিশ্রমিক নিয়েছেন, সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
এদিকে অ্যাকশনধর্মী কেন্দ্রীয় চরিত্রে আলিয়া ভাটকে দেখার খবর প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। একাংশের দর্শকের মতে, এমন শক্তিশালী অ্যাকশন চরিত্রে আলিয়াকে কতটা মানাবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। যদিও ছবির নির্মাতারা ‘আলফা’র সাফল্য নিয়ে যথেষ্ট আশাবাদী।
ববি দেওল, শর্বরী ওয়াঘ, অনিল কাপুর ও হৃতিক রোশনের মতো তারকাদের অংশগ্রহণে নির্মিত ‘আলফা’ আগামী ৩ জুলাই ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। যশরাজ ফিল্মসের ‘স্পাই ইউনিভার্স’-এর অন্যতম বড় আয়োজন হিসেবে সিনেমাটি ইতোমধ্যেই দর্শকদের ব্যাপক আগ্রহ তৈরি করেছে।