প্রকাশিত: ০৫ জুলাই ২০২৬ , ১০:২১ এ এম
অনলাইন সংস্করণ
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে তিন পরিচালককে। তারা হলেন বদিউল আলম খোকন, মঞ্জুরুল ইসলাম মেঘ এবং রিয়াজুল রিজু।
শনিবার অনুষ্ঠিত সমিতির বার্ষিক সাধারণ সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক সমিতির কার্যনির্বাহী সদস্য গাজী মাহবুব। তিনি জানান, সমিতির ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার অভিযোগে এই তিন পরিচালকের বিরুদ্ধে আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বদিউল আলম খোকন শাকিব খান অভিনীত জনপ্রিয় চলচ্চিত্র প্রিয়া আমার প্রিয়া, নাম্বার ওয়ান শাকিব খানসহ বহু সিনেমা পরিচালনা করেছেন। অন্যদিকে রিয়াজুল রিজু বাপজানের বায়োস্কোপ নির্মাণের জন্য একাধিক চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
সমিতি-সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, প্রায় এক বছর আগে পরিচালক সমিতির নির্বাচন বাতিলের দাবিতে আদালতে মামলা করেছিলেন বদিউল আলম খোকন। ওই মামলায় সমিতির তৎকালীন নেতা ও নির্মাতা আব্দুল লতিফ বাচ্চুকে প্রধান আসামি করা হয়। সম্প্রতি তিনি মারা গেছেন। সমিতির একটি অংশের মতে, এ ঘটনায় সংগঠনের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ছাড়া, বদিউল আলম খোকনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মঞ্জুরুল ইসলাম মেঘ ও রিয়াজুল রিজুর বিরুদ্ধে সামাজিক মাধ্যমে সমিতিকে ঘিরে বিদ্বেষমূলক প্রচার চালানোর অভিযোগও ওঠে। এসব অভিযোগের প্রেক্ষিতেই তিনজনকে আজীবনের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
তবে এ বিষয়ে বদিউল আলম খোকন, মঞ্জুরুল ইসলাম মেঘ ও রিয়াজুল রিজুর কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।