এখন সময় ডেস্ক

প্রকাশিত: ১৬ জুলাই ২০২৬ , ১২:১৫ পিএম

অনলাইন সংস্করণ

নোলানের ‘দ্য ওডিসি’র ছায়ায় আসছে এআই সিনেমা ‘ওডিসিউস: দ্য ফল’

গ্রিক মহাকাব্য ‘ওডিসি’ অবলম্বনে নির্মিত ক্রিস্টোফার নোলানের বহুল প্রতীক্ষিত ‘দ্য ওডিসি’ সিনেমা নিয়ে যখন বিশ্বজুড়ে আলোচনা তুঙ্গে, ঠিক সেই সময়েই ঘোষণা এলো একই মহাকাব্য থেকে অনুপ্রাণিত আরেকটি ব্যতিক্রমধর্মী চলচ্চিত্রের। তবে এবার এটি নির্মিত হয়েছে সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তায়।

‘ড্রিমস অব ভায়োলেটস’-খ্যাত নির্মাতা অ্যাশ কুশা পরিচালিত ‘ওডিসিউস: দ্য ফল’ সিনেমাটি তৈরি করেছে এআইভিত্তিক ফিল্ম স্টুডিও ফাউন্টেইন জিরো। ১৩৫ মিনিট দৈর্ঘ্যের এই চলচ্চিত্র বর্তমানে পোস্ট-প্রোডাকশনের কাজের শেষ পর্যায়ে রয়েছে। চলতি গ্রীষ্মের শেষদিকে এটি ফাউন্টেইন জিরোর নিজস্ব ওয়েবসাইটে ভাড়া বা কিনে দেখার জন্য উন্মুক্ত করা হবে।

অ্যাশ কুশা জানিয়েছেন, শৈশব থেকেই গ্রিক বীর ওডিসিউসের চরিত্র তাকে গভীরভাবে আকৃষ্ট করেছে। সেই দীর্ঘদিনের মুগ্ধতা এবং চরিত্রটিকে নিয়ে তার নিজস্ব ব্যাখ্যাই এ চলচ্চিত্র নির্মাণের অনুপ্রেরণা। তিনি ওডিসিউসকে শুধু একজন পৌরাণিক বীর হিসেবেই নয়, বরং মানুষের সংগ্রাম, বিচ্ছিন্নতা ও আত্ম-অন্বেষণের প্রতীক হিসেবেও দেখতে চান।

সিনেমাটি নির্মাণে ব্যবহার করা হয়েছে এআই ভিডিও জেনারেশন প্রযুক্তি ‘কেলিং’। প্রচলিত চিত্রনাট্যনির্ভর পদ্ধতির পরিবর্তে নির্মাতা নোট, ধারণা ও সৃজনশীল নির্দেশনার ভিত্তিতে পুরো চলচ্চিত্রটি তৈরি করেছেন। ফলে নির্মাণ প্রক্রিয়ার বিভিন্ন ধাপে গল্প ও দৃশ্যের পরিবর্তন এবং নতুন উপাদান সংযোজনের সুযোগ ছিল।

‘ওডিসিউস: দ্য ফল’-এ ১২ জন বাস্তব মানুষের মুখাবয়বের ডিজিটাল প্রতিরূপ ব্যবহার করা হয়েছে। এর মধ্যে রয়েছেন পরিচালক অ্যাশ কুশা নিজেও। তার ডিজিটাল প্রতিরূপ দিয়েই নির্মিত হয়েছে ওডিসিউস চরিত্রটি।

ফাউন্টেইন জিরোর নির্বাহী চেয়ারম্যান টম রজার্স জানিয়েছেন, এ প্রকল্পের লক্ষ্য ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’র সঙ্গে প্রতিযোগিতা করা নয়। বরং এআইনির্ভর চলচ্চিত্র নির্মাণ প্রযুক্তি কতটা পরিণত হয়েছে এবং সৃজনশীল গল্প বলার নতুন সম্ভাবনা কোথায় পৌঁছেছে, সেটিই তুলে ধরাই তাদের মূল উদ্দেশ্য।

এআই প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে সঙ্গে ‘ওডিসিউস: দ্য ফল’ চলচ্চিত্র শিল্পে নতুন এক পরীক্ষামূলক অধ্যায়ের সূচনা করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।