প্রকাশিত: ০৯ জুলাই ২০২৬ , ০৬:৫৪ পিএম
অনলাইন সংস্করণ
বাংলাদেশের চলচ্চিত্র আন্তর্জাতিক অঙ্গনে ধারাবাহিকভাবে সাফল্যের স্বাক্ষর রেখে চলেছে। এবার যুক্তরাষ্ট্রে পুরস্কার জয়ের পাশাপাশি অস্ট্রেলিয়ার একটি মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে দেশের তিনটি সিনেমা।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত ৪৬তম নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্স (এনএবিসি) বা উত্তর আমেরিকা বঙ্গ সম্মেলনে সেরা ক্রিটিকস অ্যাওয়ার্ড জিতেছে নুরুল আলম আতিক পরিচালিত ‘মানুষের বাগান’। একই সময়ে অস্ট্রেলিয়ার ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন (আইএফএফএম) ২০২৬-এর বেস্ট ফিল্ম ফ্রম দ্য সাবকন্টিনেন্ট বিভাগে নির্বাচিত হয়েছে বাংলাদেশের তিনটি চলচ্চিত্র ‘রইদ’, ‘দেলুপি’ এবং ‘বালুর নগরীতে’।
গত ২ থেকে ৬ জুলাই নিউইয়র্কে অনুষ্ঠিত হয় উত্তর আমেরিকা বঙ্গ সম্মেলনের ৪৬তম আসর। চার দিনের এই আয়োজনে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পী, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অংশ নেন। সংগীত, নাটক ও চলচ্চিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে উদ্যাপিত হয় বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্য।
উৎসবের সমাপনী দিনে প্রদর্শিত হয় ‘মানুষের বাগান’। প্রদর্শনীর পর দর্শকদের ইতিবাচক সাড়া পাওয়ার পাশাপাশি চলচ্চিত্রটি জিতে নেয় সেরা ক্রিটিকস অ্যাওয়ার্ড। এর আগে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৫তম দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও সিনেমাটি সেরা চলচ্চিত্রের সম্মান অর্জন করেছিল।
সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জীবন নিয়ে নির্মিত পাঁচটি গল্পের সমন্বয়ে এগিয়েছে ‘মানুষের বাগান’-এর কাহিনি। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন জ্যোতিকা জ্যোতি, মনোজ প্রামাণিক, অর্চিতা স্পর্শিয়া, প্রসূন আজাদ, মুনিরা মিঠু, দীপান্বিতা মার্টিনসহ আরও অনেকে।
অন্যদিকে আগামী ১৩ থেকে ২৩ আগস্ট অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন-এর ১৭তম আসর। উৎসবের বেস্ট ফিল্ম ফ্রম দ্য সাবকন্টিনেন্ট বিভাগে নির্বাচিত হয়েছে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, মোহাম্মদ তৌকির ইসলামের ‘দেলুপি’ এবং মেহেদি হাসানের ‘বালুর নগরীতে’।
এই প্রথম একই আসরে বাংলাদেশের তিনটি চলচ্চিত্র একসঙ্গে এই বিভাগে স্থান পেল। প্রতিযোগিতায় বাংলাদেশের পাশাপাশি রয়েছে আফগানিস্তানের দুটি, নেপালের দুটি এবং শ্রীলঙ্কার একটি চলচ্চিত্র।
এর আগে ‘রইদ’, ‘দেলুপি’ ও ‘বালুর নগরীতে’ বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। এর মধ্যে ‘রইদ’ ও ‘দেলুপি’ ইতোমধ্যে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। গত ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘রইদ’ এখনো দেশের বিভিন্ন সিনেপ্লেক্সে প্রদর্শিত হচ্ছে।