প্রকাশিত: ০২ জুলাই ২০২৬ , ০৮:৩২ এ এম
অনলাইন সংস্করণ
দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন বিশ্বখ্যাত পপ তারকা Taylor Swift এবং Travis Kelce। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহেই Madison Square Garden-এ বসতে যাচ্ছে তাদের বহুল আলোচিত বিয়ের আয়োজন।
প্রতিবেদনে নির্ভরযোগ্য দুটি সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, বৃহস্পতিবার ম্যানহাটনে প্রাক্-বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে। এরপর শুক্রবার হবে মূল বিয়ের আনুষ্ঠানিকতা। অনুষ্ঠানটি গভীর রাত পর্যন্ত চলবে এবং এতে প্রায় এক হাজার অতিথির উপস্থিতির সম্ভাবনা রয়েছে।
বুধবার সকালে ম্যাডিসন স্কয়ার গার্ডেনের আশপাশে কর্মীদের ব্যাপক প্রস্তুতি নিতে দেখা যায়। বিভিন্ন সরঞ্জাম ও বড় বড় বাক্স ভেন্যুতে নেওয়া হলেও অনুষ্ঠান সম্পর্কে জানতে চাইলে কেউই মুখ খোলেননি। এক কর্মী সাংবাদিকদের জানান, এ বিষয়ে মন্তব্য না করার নির্দেশনা রয়েছে।
এমন এক সময়ে এই বিয়ের আয়োজন হচ্ছে, যখন নিউইয়র্ক শহর নানা বড় আয়োজনের কারণে উৎসবমুখর পরিবেশে রয়েছে। দীর্ঘ ৫৩ বছর পর শহরের বাস্কেটবল দল New York Knicks এনবিএ শিরোপা জয়ের আনন্দে মেতে আছে। পাশাপাশি ফুটবল বিশ্বকাপ উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকদের ভিড়ে সরগরম শহর। এর মধ্যেই সুইফট ও কেলসির বিয়ের খবরে ভক্ত ও সংবাদকর্মীদের আগ্রহ আরও বেড়েছে।
বিয়ের আয়োজন ঘিরে শুরু থেকেই কঠোর গোপনীয়তা বজায় রাখা হয়েছে। এমনকি আমন্ত্রিত অনেক অতিথিও শেষ মুহূর্ত পর্যন্ত বিয়ের ভেন্যু সম্পর্কে নিশ্চিত তথ্য পাননি বলে জানা গেছে।
এ বিষয়ে ট্র্যাভিস কেলসির সতীর্থ George Kittle সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, তিনি বিয়ের আমন্ত্রণপত্র পেলেও অনুষ্ঠান কোথায় হবে, তা জানেন না। ভেন্যুর বিষয়ে জানতে চাইলে কেলসি শুধু হেসে বিষয়টি এড়িয়ে যান। তবে কিটল নিশ্চিত করেছেন, অতিথিদের কোনো ধরনের বিয়ের উপহার না আনতে অনুরোধ করেছেন এই তারকা দম্পতি।