প্রকাশিত: ১১ জুলাই ২০২৬ , ১০:১৯ এ এম
অনলাইন সংস্করণ
বলিউড সুপারস্টার শাহরুখ খান নিজের জীবনের এক আবেগঘন স্মৃতিকে আবারও ফিরে পেলেন। দিল্লির পঞ্চশীল পার্কে অবস্থিত সেই বাড়ির সম্পূর্ণ মালিকানা নিয়েছেন তিনি, যেখানে স্ত্রী গৌরী খানের সঙ্গে বিয়ের পর প্রথম সংসার শুরু করেছিলেন। অবশিষ্ট অংশ কিনতে শাহরুখকে ব্যয় করতে হয়েছে প্রায় ৩৭ কোটি রুপি।
দিল্লি শাহরুখ খানের জীবনের অবিচ্ছেদ্য অংশ। এই শহরেই কেটেছে তাঁর শৈশব ও কৈশোর, এখানেই পড়াশোনা এবং অভিনয়জীবনের স্বপ্ন দেখার শুরু। ১৯৯১ সালে গৌরী খানকে বিয়ে করার পর মুম্বাইয়ে স্থায়ী হওয়ার আগে এই পঞ্চশীল পার্কের বাড়িতেই কিছুদিন একসঙ্গে বসবাস করেছিলেন তারা। ফলে বাড়িটি শুধু একটি স্থাবর সম্পত্তি নয়, বরং তাঁদের দাম্পত্য জীবনের প্রথম অধ্যায়ের স্মৃতিবাহী ঠিকানা।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ভবনটির একটি অংশ আগে থেকেই শাহরুখ খানের পরিবারের মালিকানায় ছিল। তবে বাকি অংশ অন্য মালিকদের কাছে ছিল। সম্প্রতি প্রায় ৩৭ কোটি রুপিতে সেই অংশও কিনে নেওয়ার মাধ্যমে পুরো ভবনের মালিকানা শাহরুখের হাতে এসেছে।
এর আগে গত বছর শাহরুখ ও গৌরীর বড় ছেলে আরিয়ান খান একই ভবনের কয়েকটি তলা কিনেছিলেন। আর এবার পুরো ভবনের মালিকানা নিজেদের নিয়ন্ত্রণে এনে পরিবারের সঙ্গে জড়িয়ে থাকা বহু পুরোনো স্মৃতিকে আরও দৃঢ়ভাবে ধরে রাখলেন বলিউডের ‘কিং খান’।