এখন সময় ডেস্ক

প্রকাশিত: ১২ জুলাই ২০২৬ , ০১:৫৪ পিএম

অনলাইন সংস্করণ

তৃতীয় সিজনে ফিরছে ‘হাউস অব ডেভিড

বিশ্বব্যাপী দর্শকপ্রিয়তা অর্জনের পর তৃতীয় সিজনের ঘোষণা পেয়েছে বাইবেলের কিংবদন্তি চরিত্র রাজা দাউদের জীবনভিত্তিক সিরিজ ‘হাউস অব ডেভিড’। প্রথম দুই সিজনের সাফল্যের ধারাবাহিকতায় নতুন কিস্তি নির্মাণের ঘোষণা দিয়েছে আমাজন এমজিএম স্টুডিওস ও ওয়ান্ডার প্রজেক্ট।

সিরিজটি যিশুখ্রিস্টের জন্মের প্রায় এক হাজার বছর আগের প্রাচীন ইসরায়েলকে কেন্দ্র করে নির্মিত। গল্পের শুরুতে দেখা যায়, ইসরায়েলের প্রথম রাজা শৌল ক্ষমতার মোহ ও অহংকারে ঈশ্বরের অনুগ্রহ হারিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। এমন পরিস্থিতিতে নবী স্যামুয়েল গোপনে এক সাধারণ রাখাল বালক ডেভিডকে ভবিষ্যৎ রাজা হিসেবে অভিষিক্ত করেন। এরপর দানব গোলিয়াতকে পরাজিত করা থেকে শুরু করে রাজদরবারের ষড়যন্ত্র, ক্ষমতার দ্বন্দ্ব, যুদ্ধ এবং ব্যক্তিগত সংগ্রামের মধ্য দিয়ে ডেভিডের রাজা হয়ে ওঠার দীর্ঘ পথচলাই সিরিজটির মূল উপজীব্য।

সিরিজটির স্রষ্টা ও নির্মাতা জন আরউইন ধর্মীয় কাহিনিকে প্রচলিত উপস্থাপনার বাইরে এনে রাজনৈতিক নাটক, অ্যাকশন ও মানবিক দ্বন্দ্বের সমন্বয়ে আধুনিক ঢঙে পর্দায় তুলে ধরেছেন। এ কারণেই ২০২৫ সালের ফেব্রুয়ারিতে মুক্তির পর প্রথম সিজনটি বিশ্বজুড়ে ৪ কোটির বেশি দর্শক দেখেন। একই বছরের অক্টোবরে মুক্তি পাওয়া দ্বিতীয় সিজনও দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পায়।

নির্মাতাদের ভাষ্য অনুযায়ী, তৃতীয় সিজনে ডেভিডের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর একটি তুলে ধরা হবে। রাজা হওয়ার আগে তাকে দীর্ঘ নির্বাসন, শত্রুদের হাত থেকে আত্মগোপন এবং একের পর এক জীবনসংকটের মুখোমুখি হতে হবে। এসব প্রতিকূলতার মধ্য দিয়েই একজন সাধারণ মেষপালক থেকে ইসরায়েলের শাসকে পরিণত হওয়ার গল্প পূর্ণতা পাবে।

নির্মাতা জন আরউইন বলেন, “ডেভিডের জীবনের এমন একটি অধ্যায় এবার দর্শকদের সামনে আসবে, যা তাঁর চরিত্রকে নতুনভাবে উপলব্ধি করার সুযোগ করে দেবে। ধর্মগ্রন্থে কিংবা অন্য যেকোনো মাধ্যমে যারা তাঁর গল্প জানেন, তারাও নতুন দৃষ্টিকোণ থেকে এই যাত্রা উপভোগ করতে পারবেন।”

সিরিজটিতে ডেভিডের ভূমিকায় অভিনয় করছেন মাইকেল ইস্কান্দার। এছাড়া রাজা শৌল চরিত্রে আলী সুলিমান, স্যামুয়েলের ভূমিকায় স্টিফেন ল্যাং, রানি অহিনোয়াম চরিত্রে আয়েলেত জুরার, জোনাথানের ভূমিকায় ইথান কাই এবং মিখল চরিত্রে অভিনয় করেছেন ইন্ডি লুইস। নির্মাতাদের প্রত্যাশা, আগের দুই সিজনের মতো তৃতীয় সিজনও আন্তর্জাতিক দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলবে।