ভাষা নির্বাচন / Select Language
-
🇧🇩
বাংলা মূল ভাষা (Original)
-
🇺🇸
English English
টাঙ্গাইলের বাসাইল উপজেলায় গৃহকর্মীকে (১৪) ধর্ষণের অভিযোগে দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ওই গৃহকর্মীর মা বাদী হয়ে বাসাইল থানায় মামলা দায়ের করলে শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। তারা হলেন, উপজেলার কালীবাড়ী এলাকার খোকা বাবুর ছেলে সিজান (২৯) ও রিপন (৩৮)।
মামলার বিবরণে জানা যায়, ওই গৃহকর্মী কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার চারারবন গ্রামের বাসিন্দা। সে ঢাকার মিরপুরের একটি বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করে আসছিল। ২০১৯ সালের ১৬ জুলাই গৃহকর্ত্রী রিপা (২৮) চিকিৎসার জন্য ভারতে যান। যাওয়ার আগে তার গৃহকর্মীকে বাবার বাড়ি বাসাইলে রেখে যান। ওই রাতে রিপার ভাই সিজান তাকে যৌন নির্যাতন করে। এরপর থেকে বিভিন্ন সময়ে তাকে যৌন নির্যাতন করা হয়। ওই কিশোরী বাড়িতে যেতে চাইলে জোর করে আটকে রাখা হতো। বিষয়টি সিজানের বড় ভাই রিপনকে জানালেও তিনি কর্ণপাত করেননি।
রিপা দেশে আসার পর সিজানের সঙ্গে কিশোরীর বিয়ে দেয়ার আশ্বাস দিয়েও পরে তা দেননি। সিজান, রিপন ও রিপাকে মামলায় আসামি করা হয়েছে।
বাসাইল থানার এসআই বিল্লাল হোসেন বলেন, অভিযুক্ত দুই ভাইকে গ্রেফতার করে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে। রিপা পলাতক রয়েছেন, তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।