এখন সময় ডেস্ক

প্রকাশিত: ২৪ জুলাই ২০২৬ , ১০:২০ এ এম

অনলাইন সংস্করণ

জার্মানির প্রধান কোচ হলেন ক্লপ

বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর জার্মানি জাতীয় ফুটবল দলে বড় পরিবর্তন এসেছে। জুলিয়ান নাগেলসম্যানের পদত্যাগের পর দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ইয়ুর্গেন ক্লপ। আগামী ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত জার্মানির দায়িত্ব পালন করবেন এই অভিজ্ঞ কোচ।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি) ক্লপের নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। দীর্ঘদিন ক্লাব ফুটবলে সাফল্যের পর এবার প্রথমবারের মতো জার্মান জাতীয় দলের দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি।

নতুন দায়িত্ব নিয়ে ক্লপ বলেন, ‘জাতীয় দল আমাদের জার্মানদের যেভাবে এক সুতোয় বেঁধে রাখে, তা আর অন্য কিছু দিয়ে সম্ভব নয়। এই কারণেই দায়িত্বটি আমার কাছে এতটা বিশেষ ও সম্মানের।’

তিনি আরও জানান, কিছুদিনের বিরতির পর নিজেকে নতুন করে উজ্জীবিত ও অনুপ্রাণিত মনে হচ্ছে। জাতীয় দলের দায়িত্ব গ্রহণের জন্য তিনি মানসিক ও পেশাগতভাবে পুরোপুরি প্রস্তুত বলেও উল্লেখ করেন।

জার্মান ফুটবলকে আবারও বিশ্বমঞ্চে সাফল্যের পথে ফেরানোর লক্ষ্য নিয়েই ক্লপের নতুন অধ্যায় শুরু হচ্ছে। তাঁর অধীনে দলটি আগামী বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের পুনর্গঠনের কাজ শুরু করবে।