খেলাধুলা ডেস্ক

প্রকাশিত: ২৯ জুলাই ২০২৬ , ১২:৩৩ পিএম

অনলাইন সংস্করণ

জাতীয় দলে খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার

২০২৬ বিশ্বকাপ শেষে ব্রাজিল জাতীয় দলের হয়ে নিজের অধ্যায়ের সমাপ্তি ঘোষণা করেছেন তারকা ফুটবলার নেইমার জুনিয়র। জাতীয় দলের হয়ে আর না খেলার সিদ্ধান্তে তিনি অনড় রয়েছেন বলে জানিয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) কোপা সুদামেরিকানায় ভেনেজুয়েলার ইউনিভার্সিদাদ সেন্ট্রালকে ৪-২ গোলে হারায় সান্তোস। ম্যাচ শেষে মিক্সড জোনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ৩৪ বছর বয়সী নেইমার স্পষ্ট ভাষায় জানান, ব্রাজিল জাতীয় দলের হয়ে তার পথচলা শেষ।

নেইমার বলেন, "জাতীয় দলের সঙ্গে আমার পথচলা শেষ। এই জার্সি গায়ে আমি অনেক ইতিহাসের অংশ হয়েছি, অসাধারণ কিছু মুহূর্ত উপহার পেয়েছি। দেশের জন্য নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। এখন আর এগিয়ে যেতে চাই না।"

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ব্রাজিল। ওই ম্যাচে ব্রাজিলের একমাত্র গোলটি করেছিলেন নেইমার। ম্যাচ শেষে আবেগাপ্লুত এই তারকা অবসরের ইঙ্গিত দিয়েছিলেন। তবে এরপরও তাকে ঘিরে নানা জল্পনা-কল্পনা চলছিল। বিশেষ করে ২০৩০ বিশ্বকাপে তাকে দেখা যেতে পারে বলেও গুঞ্জন উঠেছিল। সর্বশেষ মন্তব্যে সেই সম্ভাবনাও কার্যত উড়িয়ে দিয়েছেন তিনি।

বিশ্বকাপ থেকে বিদায়ের পর এক সাক্ষাৎকারে নেইমার বলেছিলেন, "বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ হয়ে গেছে। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। এখানেই আমার শুরু হয়েছিল, এখানেই শেষ হলো।"

২০১০ সালে মাত্র ১৮ বছর বয়সে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে ব্রাজিলের সিনিয়র দলে অভিষেক হয়েছিল নেইমারের। দীর্ঘ ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। জাতীয় দলের হয়ে ১৩০ ম্যাচে করেছেন ৮০ গোল এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৫৯টি গোল।

শিরোপার হিসেবে নেইমারের অর্জনের ঝুলিতে রয়েছে ২০১৩ সালের কনফেডারেশন্স কাপ। এছাড়া ২০১৬ সালে রিও অলিম্পিকে অনূর্ধ্ব-২৩ দলকে নেতৃত্ব দিয়ে ব্রাজিলকে এনে দেন ঐতিহাসিক স্বর্ণপদক। তবে বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরাই থেকে গেল তার।

এদিকে, সম্প্রতি সান্তোসের ড্রেসিংরুমে তরুণ ফুটবলারদের ভর্ৎসনা করার অভিযোগও ওঠে নেইমারের বিরুদ্ধে। চ্যাপেকোয়েন্সের বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচের পর এমন খবর প্রকাশিত হলে তা সরাসরি অস্বীকার করেন তিনি।

নেইমারের ভাষ্য, "এসব সম্পূর্ণ মনগড়া গল্প। আমি শুধু বলেছিলাম, আমাদের আরও ভালো খেলতে হবে। সহজ ম্যাচ এভাবে হাতছাড়া করা যায় না। অধিনায়ক হিসেবে দলকে সতর্ক করা আমার দায়িত্ব। অন্য সতীর্থরাও একই কথা বলেছে।"

জাতীয় দলের অধ্যায়ে ইতি টানলেও ক্লাব ফুটবলে নিজের সেরাটা দেওয়ার দিকে এখন পুরোপুরি মনোযোগ দিতে চান ব্রাজিলিয়ান এই তারকা।