এখন সময় ডেস্ক

প্রকাশিত: ২৪ জুলাই ২০২৬ , ১০:২২ এ এম

অনলাইন সংস্করণ

এশিয়ান গেমসে সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

জাপানের নাগোয়ায় আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। পুরুষদের ক্রিকেট ইভেন্টে আইসিসি র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। একই সুবিধা পেয়েছে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা।

গত ২৩ জুলাই পুরুষ ও নারী ক্রিকেট ইভেন্টের ড্র অনুষ্ঠিত হয়। ড্র অনুযায়ী, পুরুষদের বিভাগে মোট ১০টি দল অংশ নেবে। এর মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা প্রথম রাউন্ডে না খেলেই মূল নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে। বাকি ছয়টি দলকে প্রথম রাউন্ড পেরিয়ে কোয়ার্টার ফাইনালে উঠতে হবে।

প্রথম রাউন্ডে ‘এ’ গ্রুপে রয়েছে আফগানিস্তান, জাপান ও নেপাল। অন্যদিকে ‘বি’ গ্রুপে খেলবে হংকং, মালয়েশিয়া ও ওমান। দুই গ্রুপ থেকে শীর্ষ দুটি দল কোয়ার্টার ফাইনালে উঠে চার শীর্ষ বাছাই দলের বিপক্ষে লড়বে।

পুরুষদের ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত। সব ম্যাচই অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।

অন্যদিকে, নারী ক্রিকেট ইভেন্টে অংশ নেবে মোট আটটি দল। দলসংখ্যা কম হওয়ায় তাদের প্রতিযোগিতা শুরু হবে সরাসরি কোয়ার্টার ফাইনাল দিয়ে। ১৭ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য এই আসরে বাংলাদেশের প্রতিপক্ষ চীন। এছাড়া ভারত খেলবে জাপানের বিপক্ষে, শ্রীলঙ্কার প্রতিপক্ষ মালয়েশিয়া এবং পাকিস্তান মুখোমুখি হবে থাইল্যান্ডের।

এশিয়ান গেমসে পুরুষ ও নারী উভয় বিভাগেই বাংলাদেশের জন্য সম্ভাবনাময় সূচনা তৈরি হয়েছে। বিশেষ করে পুরুষ দলের সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা পাওয়ায় পদক জয়ের লড়াইয়ে এক ধাপ এগিয়ে থেকেই অভিযান শুরু করবে টাইগাররা।