প্রকাশিত: ২৯ জুন ২০২৬ , ০৪:৩৪ এ এম
অনলাইন সংস্করণ
বাংলাদেশের সিনেমা দীর্ঘদিন ধরেই একটি প্রবণতা লক্ষ্য করা যায়, বড় বাজেটের অধিকাংশ সিনেমা মুক্তি পায় দুই ঈদকে ঘিরে। ফলে বছরের বাকি সময় প্রেক্ষাগৃহে দর্শকসংকট দেখা দেয়। এবার সেই ধারা বদলাতে উদ্যোগী হয়েছেন নির্মাতা ও প্রযোজকেরা। শুধু ঈদের ওপর নির্ভর না করে বছরের বিভিন্ন সময় বড় বাজেটের সিনেমা মুক্তির পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতোমধ্যে শাকিব খান, আফরান নিশো ও সিয়াম আহমেদ অভিনীত একাধিক সিনেমার মুক্তির সূচি ঘোষণা করা হয়েছে।
ঈদের বাইরে শাকিব খানের দুই সিনেমা
কয়েক বছর ধরে ঈদকেন্দ্রিক সিনেমার প্রধান আকর্ষণ হয়ে উঠেছেন শাকিব খান। তাঁর অধিকাংশ নতুন সিনেমাই মুক্তি পেয়েছে ঈদে। ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘দরদ’ ছিল গত কয়েক বছরে ঈদের বাইরে মুক্তি পাওয়া তাঁর একমাত্র সিনেমা।
এবার সেই ধারা থেকে সরে এসে ঈদের বাইরেও মুক্তি পাচ্ছে শাকিব অভিনীত দুটি সিনেমা। এর একটি ‘সোলজার’, পরিচালনা করছেন সাকিব ফাহাদ। দেশপ্রেমভিত্তিক গল্পে নির্মিত সিনেমাটির শেষ ধাপের শুটিং চলছে। নির্মাতার ভাষ্য, সারা বছর প্রেক্ষাগৃহে দর্শক ধরে রাখতে নিয়মিত মানসম্মত সিনেমা মুক্তি দেওয়া প্রয়োজন। সেই ভাবনা থেকেই ঈদের বাইরে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করা হয়েছে।
‘সোলজার’-এ শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন তানজিন তিশা ও জান্নাতুল ফেরদৌস ঐশী। আরও রয়েছেন তারিক আনাম খান ও তৌকীর আহমেদ। সিনেমাটি প্রযোজনা করছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড।
অন্যদিকে দীর্ঘদিন ধরে আটকে থাকা ‘আগুন’ সিনেমাটি দুর্গাপূজাকে সামনে রেখে মুক্তির প্রস্তুতি চলছে। বদিউল আলম খোকন পরিচালিত এই সিনেমার শুটিং শুরু হয়েছিল ২০১৯ সালে। পোস্ট-প্রোডাকশনের কাজ শেষ হলে আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখ ঘোষণা করা হবে। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন জাহারা মিতু।
ডিসেম্বরে আসছে ‘সুড়ঙ্গ ২’
আফরান নিশোর বড় পর্দার যাত্রা শুরু হয়েছিল রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ দিয়ে। এবার সেই সিনেমার সিক্যুয়েল ‘সুড়ঙ্গ ২’ মুক্তি পাবে আগামী ডিসেম্বরে। প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ইতোমধ্যে এ ঘোষণা দিয়েছে।
নির্মাতারা জানিয়েছেন, প্রথম সিনেমার গল্প যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হবে নতুন কাহিনি। পরিচালনায় থাকছেন রায়হান রাফী। নতুন পর্বে আফরান নিশোর সঙ্গে কারা অভিনয় করবেন, তা এখনো প্রকাশ করা হয়নি। এটি হবে নিশোর ক্যারিয়ারের প্রথম সিনেমা, যা ঈদ উৎসবের বাইরে মুক্তি পাচ্ছে।
ভৌতিক গল্পে সিয়ামের ‘আন্ধার’
ঈদের বাইরে নতুন সিনেমা নিয়ে আসছেন সিয়াম আহমেদও। রায়হান রাফী পরিচালিত ‘আন্ধার’ নির্মিত হচ্ছে ভৌতিক গল্পকে কেন্দ্র করে। এতে সিয়ামের বিপরীতে অভিনয় করছেন নাজিফা তুষি। এছাড়া রয়েছেন চঞ্চল চৌধুরী, গাজী রাকায়েত, আফসানা মিমি ও মোস্তফা মনওয়ারসহ আরও অনেকে।
সিনেমাটির গল্প লিখেছেন অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরী। তাঁদের সঙ্গে চিত্রনাট্য লিখেছেন আদনান আদিব খান। ২২১ বি প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত সিনেমাটির পোস্ট-প্রোডাকশনের কাজ বর্তমানে চলছে।
নতুন পরিকল্পনা সিনেমা নিয়ে
চলচ্চিত্রসংশ্লিষ্টদের মতে, শুধু ঈদকেন্দ্রিক মুক্তির সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পারলে সারা বছর প্রেক্ষাগৃহে দর্শক উপস্থিতি বাড়বে। একই সঙ্গে চলচ্চিত্রের বাজারও হবে আরও স্থিতিশীল। সে লক্ষ্যেই বছরের বিভিন্ন সময়ে বড় বাজেটের সিনেমা মুক্তির উদ্যোগ নিয়েছেন নির্মাতা ও প্রযোজকেরা। তাঁদের আশা, নতুন এই পরিকল্পনা দেশের চলচ্চিত্র শিল্পে ইতিবাচক পরিবর্তন আনবে।