এখন সময় ডেস্ক

প্রকাশিত: ০২ জুলাই ২০২৬ , ০৯:৫৫ এ এম

অনলাইন সংস্করণ

ইউটিউবে বিশ্বরেকর্ড গড়ল ‘খুনখার’

বক্স অফিসে আশানুরূপ সাফল্য না পেলেও ডিজিটাল দুনিয়ায় নজির গড়েছে তেলুগু চলচ্চিত্র জয়া জানকী নায়কা–এর হিন্দি ডাব সংস্করণ খুনখার। ইউটিউবে ১ বিলিয়ন বা ১০০ কোটি ভিউ অতিক্রম করে এটি বিশ্বের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে নতুন রেকর্ড গড়েছে।

পরিচালক বোয়াপাতি শ্রীনু নির্মিত জয়া জানকী নায়কা ২০১৭ সালে মুক্তি পায়। ছবিতে অভিনয় করেন বেল্লামকোন্ডা সাই শ্রীনিবাস ও রাকুল প্রীত সিং। প্রায় ৪০ কোটি রুপি ব্যয়ে নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করে মাত্র ২০ কোটি রুপি। ফলে ছবিটি বাণিজ্যিকভাবে ব্যর্থ হয় এবং পরিবেশকদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়।

তবে প্রেক্ষাগৃহে হতাশাজনক ফল করলেও ডিজিটাল প্ল্যাটফর্মে ছবিটির ভাগ্য বদলে যায়। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে পেন মুভিজের ইউটিউব চ্যানেলে খুনখার নামে ছবিটির হিন্দি সংস্করণ প্রকাশ করা হয়। সময়ের সঙ্গে সঙ্গে এটি বিপুল দর্শকপ্রিয়তা অর্জন করে এবং সম্প্রতি ১ বিলিয়ন ভিউয়ের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করে।

এই অর্জনের খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন পরিচালক বোয়াপাতি শ্রীনু। তিনি লেখেন, ‘১ বিলিয়ন ভিউ, ১০০ কোটি আবেগ, একটি সিনেমা। দর্শকদের ভালোবাসাই এই অসাধারণ অর্জন সম্ভব করেছে। এই সাফল্য আপনাদের সবার।’

চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, দক্ষিণ ভারতীয় সিনেমার হিন্দি ডাব সংস্করণের ক্রমবর্ধমান জনপ্রিয়তার বড় উদাহরণ খুনখার। অ্যাকশনধর্মী গল্প, সহজলভ্যতা এবং ইউটিউবে বিনামূল্যে দেখার সুযোগ ছবিটিকে ভারতের পাশাপাশি বিভিন্ন দেশের দর্শকের কাছেও পৌঁছে দিয়েছে।

এর আগে অভিনীত সাররাইনডু–এর হিন্দি ডাব সংস্করণও ১ বিলিয়ন ভিউয়ের কাছাকাছি পৌঁছেছিল। তবে মূল ভিডিওটি মুছে পুনরায় আপলোড করায় সেই ভিউ গণনা ধরে রাখা সম্ভব হয়নি। ফলে ইউটিউবে ১ বিলিয়ন ভিউ পাওয়া বিশ্বের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে ইতিহাসে স্থান করে নিল খুনখার।