খেলাধুলা ডেস্ক

প্রকাশিত: ০৯ জুলাই ২০২৬ , ০৯:১২ এ এম

অনলাইন সংস্করণ

ইংল্যান্ড ম্যাচের আগে নরওয়ে শিবিরে ফ্লুর থাবা

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কিছুটা অস্বস্তিতে পড়েছে নরওয়ে। দলটির একাধিক ফুটবলার ফ্লু-সদৃশ উপসর্গে আক্রান্ত হওয়ায় প্রস্তুতিতে সাময়িক বিঘ্ন ঘটেছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং শনিবারের ম্যাচের আগেই অধিকাংশ খেলোয়াড় সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছেন প্রধান কোচ স্টালে সোলবাক্কেন।

শুক্রবার সংবাদমাধ্যমকে সোলবাক্কেন জানান, দলীয় শিবিরে কয়েকজন খেলোয়াড় অসুস্থ হলেও বিষয়টি উদ্বেগজনক নয়। তার ভাষায়, কয়েকজন এখনও পুরোপুরি সুস্থ বোধ করছে না, তবে প্রতিদিনই অবস্থার উন্নতি হচ্ছে।

নরওয়েজিয়ান সংবাদমাধ্যম ডাগব্লাডেট জানিয়েছে, আক্রান্তদের মধ্যে রয়েছেন স্ট্রাইকার ইয়র্গেন স্ট্র্যান্ড লারসেন। অসুস্থতার কারণে তিনি দলের উদ্বোধনী ম্যাচে খেলতে পারেননি। একই কারণে ডিফেন্ডার মার্কুস হোমগ্রেন পেডারসেনও ব্রাজিলের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে মাঠে নামতে পারেননি।

তবে কোচ সোলবাক্কেন মনে করেন, বড় কোনো সংকট তৈরি হয়নি। তিনি বলেন, "এটি গুরুতর কিছু নয়। হালকা কাশি ও গলা বসে যাওয়ার মতো সমস্যা দেখা দিয়েছে। নিয়মিত বিমান ভ্রমণ, শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশ এবং দীর্ঘ সময় একসঙ্গে থাকার কারণে এমনটা হওয়াই স্বাভাবিক। ৫০ জনের বেশি সদস্যের একটি দলে সামান্য অসুস্থতা থাকতেই পারে।"

এদিকে বিশ্বকাপে নরওয়ের দুর্দান্ত পারফরম্যান্স দেশজুড়ে উচ্ছ্বাস তৈরি করেছে। টুর্নামেন্টের অন্যতম বড় অঘটন ঘটিয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে স্ক্যান্ডিনেভিয়ান দেশটি।

ব্রাজিলের বিপক্ষে জোড়া গোল করে দলের জয়ের নায়ক ছিলেন আর্লিং হালান্ড। এই দুই গোলের মাধ্যমে চলতি বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে সাত, যা তাকে টুর্নামেন্টের অন্যতম সেরা গোলদাতার কাতারে নিয়ে গেছে।

এখন নরওয়ের লক্ষ্য ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা। তবে সেই লড়াইয়ের আগে খেলোয়াড়দের পূর্ণ ফিটনেস নিশ্চিত করাই কোচিং স্টাফের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।