এখন সময় স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৮ জুলাই ২০২৬ , ০৬:১৬ এ এম

অনলাইন সংস্করণ

আর্জেন্টিনা ম্যাচের রেফারিং নিয়ে ফিফার কাছে অভিযোগ করল মিসর

বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনার বিপক্ষে নাটকীয় ৩-২ গোলের হারের পর ম্যাচ পরিচালনা নিয়ে আনুষ্ঠানিকভাবে ফিফার কাছে অভিযোগ জানিয়েছে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)। ম্যাচে ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে ও তাঁর সহকারী কর্মকর্তাদের একাধিক সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করে তদন্তের দাবি জানিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।

ইএফএ সভাপতি হানি আবু রিদা রেফারি লেতেক্সিয়ে এবং তাঁর দুই সহকারী সিরিল মুনিয়ে ও মেহদি রহমানির সিদ্ধান্তের নিরপেক্ষ তদন্ত চেয়ে ফিফার কাছে অভিযোগ দাখিল করেন। বিষয়টি নিশ্চিত করে ইএফএর যোগাযোগবিষয়ক প্রধান মোহাম্মদ মোরাদ সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, আর্জেন্টিনা-মিসর ম্যাচে দায়িত্ব পালনকারী রেফারির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করা হয়েছে।

ম্যাচ শেষে ক্ষোভ প্রকাশ করেন মিসরের স্ট্রাইকার মোস্তাফা জিকো। তাঁর অভিযোগ, পুরো টুর্নামেন্টের রেফারিং নিয়ে প্রশ্ন রয়েছে এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে তাদের প্রতি সুবিচার করা হয়নি। একই সুরে কথা বলেন প্রধান কোচ হোসাম হাসানও। তাঁর দাবি, ম্যাচের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আর্জেন্টিনার পক্ষে গেছে।

বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল ম্যাচের ৫৮তম মিনিটের একটি ঘটনা। সে সময় জিকোর করা গোলে মিসর ২-০ ব্যবধানে এগিয়ে যায়। তবে ভিএআরের সহায়তায় গোলটি বাতিল করেন রেফারি। রিপ্লেতে দেখা যায়, আক্রমণ শুরুর সময় মিসরের এক ফুটবলার আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেসকে জার্সি টেনে ফেলে দেন। সেই ফাউলের কারণেই গোলটি বাতিল করা হয়।

এ ছাড়া ম্যাচের শেষ দিকে মোহাম্মদ সালাহ আর্জেন্টিনার পেনাল্টি বক্সে পড়ে গেলেও রেফারি পেনাল্টির বাঁশি না বাজানো নিয়েও আপত্তি তুলেছে মিসর। তাদের দাবি, শেষ পর্যন্ত আর্জেন্টিনার জয়সূচক গোল হওয়ার আগে ফাতির ওপর ফাউল হয়েছিল এবং সেই ঘটনায় তাদের একটি পেনাল্টি পাওয়ার কথা ছিল। কিন্তু রেফারি খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন।

ম্যাচে ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা। এরপর ক্রিস্তিয়ান রোমেরো ব্যবধান কমানোর পর লিওনেল মেসি ও এনসো ফার্নান্দেস গোল করে দলকে ৩-২ ব্যবধানে নাটকীয় জয় এনে দেন এবং কোয়ার্টার ফাইনালে তোলেন বর্তমান চ্যাম্পিয়নদের।

৩৭ বছর বয়সী ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে ইউরোপের অন্যতম অভিজ্ঞ রেফারি হিসেবে পরিচিত। চলতি বিশ্বকাপে এর আগে কেপ ভার্দে-সৌদি আরব এবং আইভরি কোস্ট-ইকুয়েডর ম্যাচ পরিচালনা করেছেন তিনি। এছাড়া ২০২১ সালের ইউরোপা লিগ ফাইনাল, ২০২৩ সালের উয়েফা সুপার কাপ এবং ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালেও রেফারির দায়িত্ব পালন করেন।